কুষ্টিয়া সদর উপজেলায় গরুচোর সন্দেহে গত মঙ্গলবার রাতে তসলিম উদ্দীন খাঁ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তসলিমের পরিবারের অভিযোগ, চুরির নাটক সাজিয়ে তাঁকে হত্যা করা হয়।
তসলিমের (৩৫) বাড়ি খেজুরতলা গ্রামে। পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফর আলী প্রথম আলোকে বলেন, রাত দুইটার দিকে ফকিরাবাদ গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে গরুচোর ঢোকে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে একজনকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে। খোঁজ নিয়ে পুলিশ তাঁর পরিচয় জানতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তসলিমের চাচা জাফর খান বলেন, রাত ১০টার দিকে তাঁকে এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি দাবি করেন, পরে রাতে চুরির নাটক সাজিয়ে তাঁকে হত্যা করা হয়। জাফর খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সে যদি চুরি করতেই যায়, তাহলে কেন তাকে আইনের কাছে সোপর্দ করা হলো না? ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যেই পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প ছিল। তাকে যদি মেরেই ফেলা হবে তাহলে দেশে আইন আছে কেন?’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার বলেন, লাশের সারা শরীরে অসংখ্য পেটানোর চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পিটুনিতেই তাঁর মৃত্যু হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গণপিটুনিতে তসলিমের মৃত্যু হয়েছে। তাঁর ব্যাকগ্রাউন্ড ভালো না। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, তসলিম চোর হতে পারে, কিন্তু তাকে পিটিয়ে হত্যা করা অন্যায়। এ ব্যাপারে হত্যা মামলা হচ্ছে।