এবার চৌগাছায় মহড়া আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নাসিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) নাসির উদ্দীন এবার যশোরের চৌগাছা উপজেলার পথে পথে মহড়া দিয়েছেন। গতকাল শনিবারের এ মহড়ায় ছিল প্রায় ২০০ মোটরসাইকেল এবং অন্তত ৭০টি ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের একটি বহর।

গতকাল সকালে যশোর বিমানবন্দর থেকে এ গাড়িবহর যাত্রা শুরু করে। এরপর ছুটিপুর-কাবিলপুর সড়ক হয়ে চৌগাছা উপজেলা সদরে যায় গাড়িবহরটি। প্রায় ৪০ কিলোমিটারের এ পথে অন্তত ছয়টি পথসভা করেন নাসির উদ্দীন। এর মধ্যে রয়েছে কায়েমখোলা, ছুটিপুর, ব্যাংদা, কাবিলপুর, মাসলে ও চৌগাছা শহরের ভাস্কর্য মোড়। পরে ভাস্কর্য মোড় থেকে সিংহঝুলি ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে গাড়িবহরের মহড়াটি শেষ হয়। এতে অন্তত এক হাজার নেতা-কর্মী অংশ নেন।

নাসির উদ্দীন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী। জাতীয় সংসদ নির্বাচনের এখনো দুই বছর দেরি। এত আগে থেকে নির্বাচনী প্রচারণায় কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি প্রথম আলোকে বলেন, ‘দুই বছর সময় খুব বেশি না। তা ছাড়া জননেত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে, যাঁরা নির্বাচন করতে চান তাঁদের এলাকায় গিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে হবে। সাধারণ মানুষের কাছে যেতে হবে। তাই এলাকার উন্নয়নে মানুষের পাশে থাকতে এলাকায় ফিরে এসেছি।’

চৌগাছা উপজেলায় এটিই নাসির উদ্দীনের প্রথম রাজনৈতিক কর্মসূচি। এর আগে গত ৪ মার্চ ৩০০ মোটরসাইকেল ও ৭৫টি ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি ঝিকরগাছা উপজেলা সদরে এমন মহড়া দেন।

দলীয় সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে রয়েছেন বর্তমান সাংসদ ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম। অপর অংশের নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিব। এস এম হাবিবের অনুসারীদের অনেকে নাসির উদ্দীনকে সমর্থন দিচ্ছেন।

চৌগাছা পৌরসভার কাউন্সিলর সিদ্দিকুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেনসহ নেতৃস্থানীয় অনেকে নাসির উদ্দীনের এ কর্মসূচিতে অংশ নেন। এঁরা সাংসদ মনিরুলবিরোধী হিসেবে পরিচিত।

ভাস্কর্য মোড়ে অনুষ্ঠিত পথসভায় দেওয়া বক্তব্যেনাসির উদ্দীন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দোয়া নিয়েই আমি নির্বাচনী প্রচারণায় নেমেছি। রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে। সেই প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা নিয়েই আমি মাঠে নেমেছি। বর্তমান সাংসদ (মনিরুল ইসলাম) তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছেন। আমাদের লোকজনদের পথে পথে বাধাগ্রস্ত করা হয়েছে।...তারপরও লোকজন স্বতঃস্ফূর্তভাবে আমার কর্মসূচিতে অংশ নিয়েছে।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাংসদ মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেনি।