এবার ছাত্রকে মারধর করলেন ছাত্রলীগ কর্মী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের সেই কর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসসংলগ্ন ইসলামনগর বাজারে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইসলামনগর বাজারে নৃবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র মো. শিমুল ইসলামকে মারধর করেন ছাত্রলীগ কর্মী শামীম মোল্লা। এর আগে গত সোমবার রাতে ছাত্রলীগের কর্মী শামসুল আলমকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। শামীম ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র।
শিমুল গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (আজ) শনিবার এ ঘটনার বিচার চেয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেব।’
জানতে চাইলে শামীম বলেন, ‘দুর্ঘটনাবশত রিকশায় ধাক্কা লেগেছে। আমি ওকে (শিমুল) মারিনি, ধাক্কা দিয়েছি।’
প্রক্টর তপন কুমার সাহা বলেন, শিমুলকে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন। ক্যাম্পাসের বাইরের ঘটনা। তাই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।