এবার জুতার ভেতর সোনা
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার জুতার ভেতর থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে থাইল্যান্ড থেকে আসা নাজমুল হক বশীর নামের এক যাত্রীর কাছ থেকে ১৮টি সোনার বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ব্যাংকক থেকে ঢাকায় আসেন নাজমুল। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেলের সামনে ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর দুই পায়ের জুতার মধ্যে নয়টি করে মোট ১৮টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম করে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। নাজমুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল বলেন, তিনি নিজেই উদ্ধার হওয়া সোনার বারগুলোর মালিক। কর ফাঁকি দিতে জুতার ভেতর লুকিয়ে সোনার বারগুলো এনেছিলেন। মালয়েশিয়া থেকে থাইল্যান্ড হয়ে তিনি ঢাকায় আসেন।
গতকাল মঙ্গলবার চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহাদত মিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আরব আমিরাত থেকে আসা ফ্লাই দুবাইয়ের যাত্রী শাহাদতের সঙ্গে থাকা দুটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর ১২টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে। এসব সোনার মূল্য ৭৫ লাখ টাকা।