এবার টিলায় 'বোমা মেশিন'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এভাবেই খোঁড়াখুঁড়ি করে বোমা মেশিন দিয়ে তোলা হচ্ছে পাথর। চিকাদহর এলাকা থেকে গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এভাবেই খোঁড়াখুঁড়ি করে বোমা মেশিন দিয়ে তোলা হচ্ছে পাথর। চিকাদহর এলাকা থেকে গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে বন্ধ হওয়া পরিবেশবিধ্বংসী ‘বোমা মেশিন’ এবার টিলা কেটে পাথর উত্তোলনে ব্যবহৃত হচ্ছে। কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ আরেফিন টিলায় প্রায় এক সপ্তাহ ধরে টিলার ঢাল যত্রতত্রভাবে কেটে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে পাথর কোয়ারির ব্যবসায়ীদের সংঘবদ্ধ একটি চক্র।
সরকারি খাস খতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জায়গায় শাহ আরেফিন টিলা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম প্রথম আলোকে জানান, প্রায় ৭০০ বছর পূর্বে হজরত শাহজালালের (রহ.) অন্যতম সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.) খাসিয়া পাহাড় এলাকা পরিভ্রমণকালে পাহাড়-টিলাচূড়ায় বিশ্রাম নিতেন। শাহ আরফিনের একটি ‘আসন’ হিসেবে পরিচিতি থেকে ওই টিলার নামকরণ হয়েছে শাহ আরেফিন টিলা। লালচে, বাদামি ও আঠালো মাটির এ টিলার নিচে রয়েছে বড় বড় পাথরখণ্ড। এসব পাথর উত্তোলন করতেই চলে টিলা কাটা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির টিলার পুরো জায়গা সরকারি খাস খতিয়ানের বলে নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন আমরা বন্ধ করে দিয়েছি। কোয়ারির সরানো কিছু বোমা মেশিন টিলার আশপাশের গ্রামে নিয়ে রাখা হয়েছে। টিলা খুঁড়ে পাথর তুলতে সেগুলো চালানো হচ্ছে। আমরা কন্টিনিউয়াস অভিযানের মধ্যেই আছি।’
সরেজমিনে দেখা গেছে, টিলার ঢালে পা আটকানোর মতো গর্ত করা হয়। টিলার চূড়া থেকে গর্তে বসে শাবল দিয়ে চলে প্রথম দফা খোঁড়াখুঁড়ি। টিলার পাদদেশে বসানো হয় বোমা মেশিন। মাটির ২০ থেকে ৩০ ফুট গভীর থেকে পাওয়ার পাম্পের পাইপ দিয়ে পানি গর্তে ফেলার পর ধসে পড়ে টিলার ঢাল। পরে সেখান থেকে পাথর উত্তোলন করে ট্রাক দিয়ে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে জানা যায়, শাহ আরেফিন টিলার কিছু জমি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বন্দোবস্ত এনে প্রভাবশালী পাথর ব্যবসায়ী একটি পক্ষ ২০০৯ সাল থেকে টিলা কেটে পাথর উত্তোলন করছিল। টিলা কাটা আইনত নিষিদ্ধ থাকায় বেলা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটির মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে। এ কমিটি ৯৬ দশমিক ২৫ একর জায়গার ৭০ ভাগ টিলা কেটে ৬২ লাখ ৮৮ হাজার পাথর লুটপাটের তথ্য সংগ্রহ করেছিল।
বেলা সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ শাহেদা পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পর্যবেক্ষণ থেকে প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে নানা কৌশলে টিলা কেটে পাথর লুটপাটও বন্ধ হয়নি।
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বেলার পর্যবেক্ষণ সম্পর্কে তিনি অবহিত নন। তবে সরকারি জায়গার ওই টিলা কাটায় প্রচলিত আইন অনুযায়ী তাঁরা ব্যবস্থা নিচ্ছেন। টিলায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন প্রসঙ্গে টাস্কফোর্স-সংশ্লিষ্ট এ কর্মকর্তা বলেন, ইতিপূর্বে অভিযান চালিয়ে আটটি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। আবারও অভিযান চালানো হবে।