এবার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ধর্মঘটের হুমকি

প্রাইম মুভার ট্রেইলারের পর এবার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ছয় দফা দাবিতে আন্দোলনের নামার ঘোষণা দিয়েছে। ছয় দফা দাবির মধ্যে রয়েছে সড়ক ও মহাসড়কের ওজন স্কেলে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের নামে চাঁদাবাজি বন্ধ করা, গাড়ি রাখার জন্য টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাশুল ৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা উন্নীত করার সিদ্ধান্ত বাতিল করা ইত্যাদি।
আগামী ৪ অক্টোবরের মধ্যে এসব দাবি মানা না হলে ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় এলাকায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই হুমকি দেন সংগঠনের নেতারা। আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আওতাধীন গাড়িতে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য খালাস করে সারা দেশে নেওয়া হয়। একইভাবে সারা দেশে বিভিন্ন কারখানা থেকে কাভার্ড ভ্যানে করে রপ্তানি পণ্য এনে চট্টগ্রামের ১৬টি ডিপোতে নেওয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লতিফ আহমেদ। বক্তব্য দেন মো. আবু মোজাফফর, সাবেক সহসভাপতি মানিক দেবনাথ প্রমুখ।