এবার ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়
ঈেদ ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পর এবার কর্মস্থলমুখী মানুষের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শেরপুর থেকে ঢাকা এবং নোয়াখালী থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে যাত্রীরা বিপাকে পড়েছেন।
শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ-ঢাকাপথে চলাচলকারী নৈশকোচসহ ড্রিমল্যান্ড ও সোনার বাংলা পরিবহনের বাসে স্বাভাবিক সময়ের নির্ধারিত ভাড়া ৩০০ টাকা। কিন্তু ঈদুল ফিতরের পর ড্রিমল্যান্ড পরিবহনের ভাড়া ১০০ টাকা বাড়িয়ে ৪০০ টাকা এবং সোনার বাংলা পরিবহনের ভাড়া ১৫০ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা নির্ধারণ করা হয়।
শেরপুর জেলা শহরের নয়আনী বাজার এলাকার বাসিন্দা অরিন্দম চৌধুরী মুঠোফোনে গত শনিবার বলেন, তিনি গত শুক্রবার নৈশকোচে নারায়ণগঞ্জ গিয়েছেন। স্বাভাবিক সময়ের ভাড়া ৩৫০ টাকা। কিন্তু তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে।
যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গত শনিবার বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করেই যাত্রীদের কাছ থেকে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
কারণ, শেরপুর থেকে বর্তমানে বাসগুলোর সব আসন পূর্ণ হয়ে গেলেও ঢাকা থেকে ১০-১২ জন অথবা প্রায় খালি অবস্থায় ফিরতে হচ্ছে। তাই ক্ষতি পুষিয়ে নিতে সাময়িকভাবে ভাড়া বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, ভাড়া বাড়ানোর কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীতে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বাসমালিকেরা। গতকাল রোববার জেলা শহরের মাইজদী নতুন, সোনাপুর, চৌমুহনীর চৌরাস্তার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায় যাত্রীদের তীব্র ভিড়। এসব স্ট্যান্ডে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকালও তাঁদের কাছ থেকে নোয়াখালী থেকে ঢাকার ভাড়া ৩২০ টাকার স্থলে ৫০০ এবং চট্টগ্রামের ভাড়া ২২০ টাকার স্থলে ৩০০ টাকা আদায় করা হয়।
ঢাকার যাত্রী মো. জেবাল হক বলেন, ‘ঈদের ছুটি শেষ হয়েছে চার দিন আগে। ছুটি শেষে কয়েক দিন অপেক্ষা করলাম যাতে কিছু কম ভাড়ায় যেতে পারি।
কিন্তু গতকাল ঢাকায় যাওয়ার জন্য তিনি আগের দিন টিকিট কাটেন ৫০০ টাকায়। এ অবস্থায় বাসমালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা।’
চট্টগ্রামের যাত্রী আবুল কালাম মাইজদী নতুন বাসস্ট্যান্ডে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদের চারদিন পরও যাত্রীদের পকেট কাটছেন বাসমালিকেরা।২২০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৩০০ টাকা। দেশটা মগের মুল্লুক। এসব দেখার যেন কেউ নেই।’
ঢাকা-নোয়াখালীপথে চলাচলকারী এশিয়া ক্লাসিক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন বলেন, বর্তমানে যে ৫০০ টাকা হারে ভাড়া আদায় করা হচ্ছে, তা বেশি নয়।
কারণ, গাড়িটি ঢাকা থেকে ফেরার পথে খালি আসবে। তাই বাড়তি ভাড়া না নিলে উল্টো লোকসান গুনতে হবে মালিকদের।
জেলা প্রশাসক বদরে মনির বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গতকাল পর্যন্ত কেউ তাঁকে জানায়নি। তিনি এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন।