
কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুটিতে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়ে ওই তরুণ আর বাড়ি ফেরেননি। এ বিষয়ে তাঁর পরিবার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এদিকে ২৩ আগস্ট পল্টন থেকে ধরে নেওয়া ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদ বাসায় ফিরেছেন বলে গতকাল তাঁর স্ত্রী শিল্পী আহমেদ পল্টন থানায় আরেকটি জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, কারও বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই। তবে এত দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে একটি মাইক্রোবাসে করে এনে শামীমকে মতিঝিল এলাকায় রেখে যায় অপহরণকারীরা। পরিবারের সদস্যরা এর বেশি কিছু পুলিশকে বলেননি।
২২ আগস্ট তুলে নেওয়া বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। এ ছাড়া ২৭ আগস্ট গুলশান থেকে অপহৃত ব্যবসায়ী (সিআইপি) ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায় এখনো নিখোঁজ।
এসবের মধ্যেই গত শনিবার ধানমন্ডি থেকে নতুন করে নিখোঁজ হলেন কানাডাপ্রবাসী শিক্ষার্থী ইশরাক আহম্মেদ (২০)। এ বিষয়ে গত রোববার তাঁর বাবা তৈরি পোশাক ব্যবসায়ী জামালউদ্দীন আহম্মেদ ধানমন্ডি থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, ইশরাক বন্ধুদের নিয়ে ধানমন্ডির স্টার কাবাব এলাকায় খেতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি ইশরাকের খোঁজ পেতে। ওর আত্মীয়-বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো কোনো সূত্র পাওয়া যায়নি।’
পারিবারিক সূত্রগুলো জানায়, ঢাকার মেপল লিফ স্কুল থেকে এ লেভেল পাস করে গত বছর কানাডার মন্ট্রিয়ল শহরের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইশরাক। চলতি বছরের জুন মাসে ছুটিতে বাড়ি আসেন। ঈদের পরদিন ৩ সেপ্টেম্বর তাঁর কানাডায় যাওয়ার কথা রয়েছে। ব্যবসায়ী জামালউদ্দীনের তিন ছেলের মধ্যে ইশরাক বড়।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ইশরাকের বাবার কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। ইশরাকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, ওই দিন রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত তাঁরা ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের পাশের গলিতে আড্ডা দেন, খাওয়াদাওয়া করেন। ওই এলাকার একটি ভবনের সিসি ক্যামেরায় তাঁদের আড্ডা দিতেও দেখা যায়। পরে সবাই যে যাঁর মতো চলে যান। ইশরাককেও চলে যেতে দেখা যায়। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ মিলছে না। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ। আবার কেউ এখন পর্যন্ত পরিবারে ফোন করে মুক্তিপণও দাবি করেনি।