হাত ও পা বেঁধে অমানবিক নির্যাতনের পর পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা হিন্দু বিধবা কানন বালার বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা করা হয়েছে। এই চাঁদাবাজি মামলায় প্রধান আসামি করা হয়েছে কানন বালার ছেলে অসীম চন্দ্র দাসকে।
মামলাটি করেছেন কানন বালাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আবুল হোসেন প্যাদার স্ত্রী লাকি বেগম। গতকাল রোববার পটুয়াখালীর দশমিনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করা হয়। এই মামলায় অসীমের স্ত্রী মাধবী রানীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দশমিনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দ্য এশিয়ান এজ পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি নিপুণ চন্দ্রকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ‘আমি আলীপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি খাসজমিতে ২০-২৫ বছর ধরে ঘর তুলে পরিবার–পরিজন নিয়ে বসবাস করে আসছি। ঘরের সামনে আমার দরজির দোকান। আসামিরা বহুদিন ধরে উক্ত জায়গা ছেড়ে দিতে বলে, নতুবা ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা ক্ষুব্ধ হয়ে হুমকি দেয়।’
অভিযোগে আরও বলা হয়, ‘গত ৮ মে সকাল সাতটার দিকে আমার ঘরটির সংস্কার কাজ করলে আসামি আবার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে আবারও অস্বীকার করলে আসামিরা আমার ঘর ভাঙচুর করে। আমার মাথার চুলের মুঠি ধরে মাটিতে শোয়াইয়া ফেলে। আসামিরা আমার স্বর্ণালংকার, স্বামীর পকেটে থাকা ও দোকান থেকে মোট এক লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়।’
মামলার বাদী লাকি বেগমের আইনজীবী ফারজানা আক্তার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এদিকে কানন বালার ওপর নির্যাতনের মামলার ১৪ জন আসামির মধ্যে প্রধান আসামি আবুল হোসেন প্যাদা ও ১৪ নম্বর আসামি মো. ফজলু মৃধা ছাড়া অপর ১২ জন আসামি গতকাল রোববার দশমিনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. সোহেল খান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে স্থানীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আসলেই এভাবে দখল করতে পারে না। সেখানে একজন বয়স্ক নারীর ওপর নির্যাতনের যে ঘটনাটি ঘটিয়েছে তা মারাত্মক। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। আমরা চাই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দ্রুত অভিযোগপত্র আদালতে দেওয়া হোক।’
গত শনিবার প্রথম আলোয় ‘সম্পত্তি দখলে বাধা দেওয়ায় বিধবাকে বেঁধে মারধর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।