
দীর্ঘ ৩০টি বছর এ দেশের মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন তিনি। আর এই মাটিতেই দুর্বৃত্তদের গুলিতে রক্তাক্ত হতে হলো তাঁকে।
তিনি পিয়েরো পিচম (৫২)। ইতালীয় চিকিৎসক ও ধর্মযাজক। চিকিৎসকদের ভাষ্যমতে, ভাগ্যগুণে বেঁচে গেছেন এই ফাদার। কারণ সন্ত্রাসীদের গুলি তাঁর মাথায় না লেগে কাঁধ বরাবর ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছে।
সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিকদের ওপর তৃতীয় এই হামলার ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর কাছে, গতকাল বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে। দুর্বৃত্তরা পিয়েরোকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। পিয়েরো পিচম ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পিয়েরো পিচম শহরের নাভারা মিশনে কর্মরত ছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে ইতালির নাগরিক সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। এরপর গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ার কাচু আলুটারি গ্রামে জাপানের নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, জেলায় বিদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা বিধানের অংশ হিসেবে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু হামলার শিকার ধর্মযাজক তা মানতেন না। ঘটনার পরপরই পুলিশ, র্যা বসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছেন। তাঁরা ঘটনার মোটিভ পর্যবেক্ষণ করছেন। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনা তদন্ত করছে।
নাভারা ক্যাথলিক মিশনের ইনচার্জ ফাদার জন বাপ্তিস্তা জাংকি প্রথম আলোকে বলেন, পিয়েরো পিচম ৩০ বছর ধরে রাজশাহী, দিনাজপুরসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মিশনারিজের অধীন চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। ২০০৭ সালে তিনি দিনাজপুর শহরে নাভারা মিশনে যোগ দেন। গতকাল সকাল ৮টায় নাশতা খাওয়ার পর প্রতিদিনের মতো সাইকেল নিয়ে মিশন থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির খবর পাওয়া যায়।
সরেজমিন: দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে শহর বাইপাস সড়ক দিয়ে বাস টার্মিনালে পৌঁছানোর আগে একটি রাস্তা বিআরটিসি বাস ডিপো হয়ে মির্জাপুর এলাকায় প্রবেশ করেছে। সকাল ৯টা ৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই রাস্তার মাঝে বিআরটিসি বাস ডিপোর মাত্র ৩০ গজ উত্তরে ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। ভেতরে পিয়েরো পিচমের ব্যবহৃত চশমা এবং নীল রঙের মাস্ক ও সন্ত্রাসীদের ছোড়া গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। রাস্তার বেশ কিছু অংশ তাজা রক্তে ভেজা। চারদিকে পাকা বাড়ি। বাড়িগুলোর বেশির ভাগই ব্যবহৃত হচ্ছে ছাত্রাবাস হিসেবে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব মেসে থেকে লেখাপড়া করে।
ঘটনাস্থলের ৫০ গজ সামনে (দক্ষিণে) বিআরটিসি বাস ডিপোসংলগ্ন একজন পান দোকানদার প্রথম আলোকে বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিআরটিসির ডিপো থেকে রংপুরগামী বাস বের হয়ে যাওয়ার পরপরই হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। ওই সময় তিন যুবককে ঘটনাস্থলের পশ্চিম দিকের রাস্তা দিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালাতে দেখা যায়। মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট এবং পেছনের ব্যক্তির শরীর চাদরে মোড়ানো ছিল। এরপরই স্থানীয় লোকজন ‘ধর ধর, লোকটাকে গুলি করে মেরে ফেলল রে’ বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে বেরিয়ে আসে আশপাশের মানুষ।
ঘটনাস্থলের পাশে বসবাসকারী বন্ধন ছাত্রাবাসের মালিক মো. খতিব উদ্দিন প্রথম আলোকে বলেন, সকাল ৮টা ১৫ মিনিটে হঠাৎ পটকা ফাটানোর মতো প্রচণ্ড শব্দ শোনা যায়। বাসা থেকে বেরিয়ে দেখেন, একজন বিদেশি নাগরিক রাস্তায় লুটিয়ে পড়ে আছে। কেউ তাঁকে তুলতে যাচ্ছে না। পাশে পড়ে আছে সাইকেলটি। রক্ত গড়িয়ে পড়ছে। এরপর তিনি এবং ঘটনাস্থলের পাশে বসবাসকারী দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বাবুল হোসেন ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালে: হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এ টি এম জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন. সকাল ৮টা ৪৫ মিনিটে ধর্মযাজক পিয়েরোকে হাসপাতালে ভর্তির পরই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় ২০ মিনিট অস্ত্রোপচারের পর তাঁকে সার্জারি বিভাগের কেবিনে স্থানান্তরিত করা হয়।
জিল্লুর রহমান বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলি পিয়েরোর শরীরে গভীর কোনো ক্ষত সৃষ্টি করেনি। তবে সাইকেল থেকে রাস্তায় পড়ে যাওয়ার কারণে কপালে আঘাত পেয়েছেন। সামান্য অংশ কেটেও গেছে। তাঁর জ্ঞান ছিল। তিনি কথা বলছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
বেলা ১১টায় কেবিনে গিয়ে দেখা যায়, পিয়েরোর মাথায় ব্যান্ডেজ জড়ানো। তাঁর দুই চোখ ফুলে গেছে। শরীরে স্যালাইন ও ক্যাথিটার লাগানো রয়েছে। চিকিৎসকেরা কারও সঙ্গে কথা বলতে দিচ্ছেন না। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগের কথা জানালে তিনি বলেন, ‘আমার কিছু হয়নি। আমি এখানেই ভালো আছি। ঢাকায় যেতে হবে না। এই হাসপাতালেই ভালো হয়ে যাব।’
হাসপাতালের চক্ষুরোগ বিভাগের প্রধান হারিসুর রহমান জানান, ফাদার পিয়েরোর চোখের চারদিকে রক্ত জমাট বেঁধে আছে। এ কারণে চোখ ফুলে গেছে। তবে তাঁর দৃষ্টিশক্তির কোনো ক্ষতি হয়নি। একইভাবে হাসপাতালে নাক কান গলা বিভাগের প্রধান বুলন্দ আখতার জানান, পিয়েরোর নাক দিয়ে রক্ত ঝরছিল। তবে কোনো ক্ষত পাওয়া যায়নি। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তরুণ কান্তি হালদার প্রথম আলোকে বলেন, পিয়েরো হাসপাতালে ভর্তি হওয়ার পরেই সার্জারি বিভাগের প্রধান পার্থ সারথি রায়কে প্রধান করে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
জেলা প্রশাসক ও পুলিশের ভাষ্য: যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই পিয়েরোর ওপর হামলা করেছে বলে প্রথম আলোর কাছে মন্তব্য করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
এদিকে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির গতকাল বিকেলে পিয়েরোকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশ সর্বশক্তি নিয়োগ করেছে।