এবার দিল্লিতে প্রতারণার শিকার পাঁচ নৌ ক্যাডেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে শিক্ষানবিশ নাবিক হিসেবে কাজ করতে গিয়ে প্রতারিত হলেন বাংলাদেশের পাঁচ যুবক। ভারতীয় ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে প্রতারিত হওয়ার কথা স্বীকার করলেন বাংলাদেশের পাঁচ তরুণ। জাহাজে কাজ পাওয়ার জন্য তাঁদের প্রত্যেকে এক দালালকে তিন লাখ টাকা করে দিয়েছিলেন। কিন্তু ওই দালাল তাঁদের কাজ না দিয়ে পালিয়ে গেছেন।
নৌপরিবহন মন্ত্রণালয় ও দিল্লির কূটনৈতিক সূত্র থেকে গতকাল শনিবার এ তথ্য জানা গেছে।
গত জুনে মুম্বাইয়ে একই কায়দায় ১৯ বাংলাদেশি তরুণ প্রতারিত হওয়ার দেড় মাসের মাথায় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। ওই ১৯ তরুণকে পরে মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন দেশে ফেরত পাঠিয়েছে।
দিল্লি থেকে জানা গেছে, দুই সপ্তাহ আগে ওই পাঁচ তরুণ শিক্ষানবিশ নাবিকের কাজ নিতে ভারত যান। যথারীতি তাঁদের প্রত্যেকেই দালালকে তিন লাখ টাকা করে দেন। টাকা নেওয়ার পর তাঁদের অসহায় অবস্থায় ফেলে পালিয়ে যান ওই দালাল। গত সপ্তাহে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রতারিত পাঁচ তরুণ গত শুক্রবার দিল্লিতে হাইকমিশনে গিয়ে তাঁদের অসহায় অবস্থার কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই পাঁচ তরুণ এখন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে আছেন। খুব শিগগির তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, দিল্লি হাইকমিশনের তত্ত্বাবধানে থাকা পাঁচ তরুণ রাজধানীর শ্যামলীর শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট থেকে নাবিক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। তবে সরকারের স্বীকৃত ১৮ বেসরকারি মেরিন একাডেমি বর্তমানে নাবিক হিসেবে ক্যাডেটদের এক বছরের তত্ত্বীয় প্রশিক্ষণ দিয়ে থাকে। এরপর নাবিক হিসেবে কাজ পেতে হলে তাঁদের জাহাজে হাতে-কলমে এক বছরের প্রশিক্ষণ নিতে হয়।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জাকিউর রহমান ভুঁইয়া গতকাল বলেন, দিল্লিতে পাঁচ তরুণের প্রতারিত হওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে গত জুনে ওয়েস্ট ওয়ে মেরিন ইনস্টিটিউটের যে ১৯ তরুণ প্রতারিত হয়েছিলেন, তাঁদের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জাকিউর রহমান ভুঁইয়া বলেন, আইন অনুযায়ী প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা যাতে সঠিক প্রক্রিয়ায় হাতে-কলমে কাজের সুযোগ পান, সেটি নিশ্চিত করার দায়িত্ব বেসরকারি মেরিন একাডেমিগুলোর।