এবার দুই পা কুপিয়ে জখম করল সন্ত্রাসীরা
সন্ত্রাসীরা দুই হাত কেটে দিয়েছিল আবদুল আজিজের (৪২)। ১৬টি বছর অতিকষ্টে চলছিল তাঁর জীবন। এ অবস্থায় গতকাল শনিবার তাঁর দুই পা কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তিনি বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আবদুল আজিজের বাড়ি কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে। তিনি বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিনি কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর ওপর আক্রমণ করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই পা কুপিয়ে আহত করে। পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এলাকায় মাদক ব্যবসায়ীরা তাঁকে কুপিয়েছে।
আবদুল আজিজ আরও বলেন, এর আগে ২০০০ সালের ৩১ ডিসেম্বর উপজেলার সিংগী বাজারে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁর দুই হাত কেটে দেয়। পুলিশকে এক সন্ত্রাসীর ব্যাপারে তথ্য দেওয়ার কারণে অন্য সন্ত্রাসীরা তাঁর ওপর এ হামলা চালায়। হামলার ঘটনার পরদিন তাঁর বাবা ইসাহক আলী থানায় মামলা করেন। কিন্তু ২০০৩ সালে রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে মামলাটি প্রত্যাহার করা হয়।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আবদুল আজিজ বলেন, হাত হারানোর কারণে তাঁর ব্যবসা বন্ধ হয়ে যায়। স্ত্রী জোছনা বেগম, এক মেয়ে হাজেরা খাতুন ও এক ছেলে বোরাক আলীকে নিয়ে কষ্টে দিন যায় তাঁর। বর্তমানে ছেলেটি উপার্জন করা শুরু করেছে। নিজেও কিছু উপার্জন করেন। এই দিয়ে সংসার চলে।
আবদুল আজিজ বলেন, ‘এভাবে কষ্ট করে কেউ বেঁচে থাকতে পারে না। মামলায় বিচার পেলাম না, দুই হাত হারিয়ে কর্ম করার শক্তি হারিয়ে ফেললাম। তাই মাঝেমধ্যে মনে হতো বেঁচে থাকব না। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে আজও বেঁচে আছি।’
আবদুল আজিজের ছেলে বোরাক আলী বলে, তার বাবার সব কাজই অন্যদের করে দিতে হয়। কখনো তার মা, কখনো সে আবার কখনো তার বোন কাজ করে দেয়। বাবার কষ্ট দেখে তারাই মাঝেমধ্যে মানসিকভাবে ভেঙে পড়ে। এবার সন্ত্রাসীরা বাবার দুই পা কেটে শয্যাশায়ী করার চেষ্টা করেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হোসেন গতকাল বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।