এবার ধরা পড়ল ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক অবৈধ সোনার চালান ধরার পর এবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকদ্রব্য হিসেবে নিষিদ্ধ ইয়াবা বড়ির চালান ধরা পড়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ৮৭৫টি ইয়াবা বড়িসহ বিদেশগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

আটক হওয়া ব্যক্তির নাম মো. জহির (৪০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দিনের ভাষ্য, আজ সকাল সাড়ে ১০টায় সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্লাইটে করে জহিরের শারজাহ যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে জহিরের গতিবিধি সন্দেহ হওয়ায় বহির্গামী স্ক্যানার যন্ত্রের সামনে তাঁর শরীর ও ব্যাগে তল্লাশি চালান শুল্ক কর্মকর্তারা। এ সময় তাঁর জুতার ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ৮৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

যুগ্ম কমিশনারের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। জহিরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে। তাঁর বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।