
ধলেশ্বরীর সীমানা নির্ধারণ করে পিলার নির্মাণ করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সেই সীমানা সঠিক হয়নি—এমন অভিযোগ ছিল পরিবেশবাদীদের। কেরানীগঞ্জের চরকুন্দুলিয়ায় ধলেশ্বরীর সেই সীমানা পিলারও মানছেন না ইটভাটার মালিক।
গতকাল শুক্রবার সকালে ধলেশ্বরীর ওই এলাকায় গিয়ে দেখা গেছে, এমডিএন ব্রিক কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ইট-সুরকি ও বালু দিয়ে নদী ভরাট করে ইটভাটা বানিয়েছে। ভাটায় শুধু কয়লা দিয়ে ইট পোড়ানোর নিয়ম থাকলেও ভাটার মালিক সেখানে গাছের গুঁড়ি ও কাঠ এনে জড়ো করে রেখেছেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই কাঠ পুড়িয়ে ভাটার একাংশে ইট বানানো হচ্ছে।
জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, দেশের নদী দখল ও দূষণের অন্যতম কারণ হচ্ছে ইটভাটা। ঢাকার চারপাশের নদীগুলোতে শুরুতে ইটভাটা করে পর্যায়ক্রমে তা দখল করা হয়। সরকার নদী রক্ষার যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবে রূপ দিতে হলে এখনই এসব স্থাপনা উচ্ছেদ করতে হবে।
ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, নদীর জায়গা দখলের বিষয়টির খোঁজখবর নেওয়া হবে। নদীর জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। দখলকারী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটার শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজলুল হক ওরফে ফজল নামের এক ব্যক্তি ইটভাটাটি নির্মাণ করেছেন। তিনিই এমডিএন ব্রিক কোম্পানির মালিক। সরেজমিনে দেখা গেছে, নদীর সীমানা রক্ষা পিলারের নির্দিষ্ট জায়গা অতিক্রম করে নদীতে ইটের খোয়া ফেলে বাঁধ নির্মাণ করে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। সেখানে মাটি দিয়ে ইট তৈরি করে পোড়ানোর অপেক্ষায় ফেলে রাখা হয়েছে।
চরকুন্দুলিয়া এলাকার এক কৃষক জানান, ফজল যে জায়গাটিতে ইটভাটা নির্মাণ করছেন, সেটি বর্ষায় নদীর অংশ থাকে। শীতকালে স্থানটি শুকিয়ে যায়। এ সুযোগ নিয়ে ফজল নদীর ওই জায়গাটি ভরাট করে সেখানে ইটভাটা নির্মাণ করেছেন। এমনকি নদীর সীমানা পিলারও অতিক্রম করে তীর থেকে প্রায় ৫০ গজ নদীর জায়গা ভরাট করে সেখানে তৈরি করা ইট রেখে তা বিক্রি করছেন তিনি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইটভাটার এক কর্মচারী জানান, মালিক ইটভাটায় তেমন আসেন না। তাঁর নিজস্ব লোকজন দিয়ে কাজকর্ম করান। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সুসম্পর্ক থাকায় তাঁর বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না।
কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শিউলি রহমান প্রথম আলোকে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইটভাটাগুলোতে আগামী সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।