এবার নাছিরের অনুসারী দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত থাকায় গত এক মাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ শান্ত ছিল। নির্বাচনের এক দিন পরই ক্যাম্পাসে আবারও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
তবে এক বছর ধরে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষ হলেও এবার তার ব্যতিক্রম দেখা যায়। চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা গতকাল বিরোধে জড়ান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধারালো অস্ত্র নিয়ে নাছিরের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ক্যাম্পাসের রেলস্টেশন এলাকায় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ ও ‘বাংলার মুখ’-এর নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলতে থাকে ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় দুই পক্ষের কর্মীদের হাতে ধারালো অস্ত্র, লোহা ও লাঠিসোঁটা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এক পক্ষের কর্মীদের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ছাত্রদের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করছি।’
সংঘর্ষের বিষয়ে সিক্সটি নাইন পক্ষের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক আবু কাইজার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দিয়াজ ইরফানের পক্ষের কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাইতে আমাদের নেতা আ জ ম নাছির উদ্দিনের কাছে যাব।’
তবে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ও বাংলার মুখের নেতা দিয়াজ ইরফান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর পক্ষের অন্য নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ও বাংলার মুখের নেতা সৌমেন পালিত প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রে আমরা বেশি কাজ করেছি। এ কারণে আমাদের জামায়াত-শিবির মুঠোফোনে হুমকি–ধমকি দিচ্ছিল। এরই মধ্যে আজকের ঘটনা ঘটল। দুটি ঘটনা একই সূত্রে গাঁথা কি না আমাদের সন্দেহ হচ্ছে। এসবের সমাধানে নাছির ভাইয়ের কাছে যাওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।’
সংঘর্ষে গুরুতর জখম হওয়া এসআই খায়েরকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন বাংলার মুখের পাঁচ কর্মী। তাঁরা হলেন নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নজরুল ইবনে হোসেন ও সাইদুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের আরিফুল ইসলাম, রাজনীতি বিজ্ঞান বিভাগের মোহাম্মদ বিজয় ও মো. মারজান। তাঁরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে সিক্সটি নাইন পক্ষের আহত দুই কর্মী গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের সাজিদুল ইসলাম ও জাহেদুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে সংঘর্ষের জের ধরে বিকেল সাড়ে পাঁচটায় রেলস্টেশন এলাকায় দুই পক্ষে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সিক্সটি নাইন পক্ষের প্রায় শতাধিক কর্মী ধাওয়া দিয়ে বাংলার মুখের কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেন। এ সময় রিফাত ও মাসুদ নামের দুই কর্মী আহত হন।
এর আগে বিকেল চারটায় ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেনটি চলাচলে বাধা দেন বাংলার মুখের কর্মীরা। এ সময় ছবি তুলতে গেলে কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাখাওয়াত হোছাইনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, এটি মোটেও গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।