এবার নাশকতায় প্রাণ গেল সুভাষের

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় একটি রাইডারে পেট্রলবোমা হামলায় দগ্ধ যাত্রী সুভাষ সোম (৬০) মারা গেছেন। আজ রোববার দুপর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, গত ১৯ ফেব্রুয়ারি থেকে সুভাষ বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আগুনে শ্বাসনালি, মুখমণ্ডলসহ সুভাষের শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। আজ দুপুরে তিনি মারা যান।
সুভাষের বাড়ি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়। গত ১৮ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে রাইডারে করে বাড়ি ফেরার পথে টাইগারপাস এলাকায় সেটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে সুভাষসহ ওই গাড়িটিতে থাকা সাত যাত্রী দগ্ধ হন। তবে, সুভাষের অবস্থা গুরুতর হওয়ায় ঘটনার পরই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল। তিন মেয়ের জনক সুভাষ সোম আড়তের একজন কর্মচারী ছিলেন।
৬ জানুয়ারি থেকে অবরোধ ও হরতালে পেট্রলবোমা ও আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৭ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে মোট ৭০১টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬২১টি।