এবার নিহত কালা বাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজারে তিন খুন মামলার প্রধান আসামি শাহ আলম ওরফে কালা বাবু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পুলিশ গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে কালা বাবুর নিহত হওয়ার খবর জানিয়েছে। পুলিশ বলেছে, গতকাল ভোরে মগবাজারে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে।
এদিকে কালা বাবুর স্ত্রী মরিয়ম বেগম অভিযোগ করেছেন, গত রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী থেকে তাঁর স্বামীকে ধরে এনে হত্যা করা হয়েছে।
রোববার সকাল সাতটার দিকে মুগদায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেজবাহউদ্দিন তারেক নামের এক যুবক নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি ‘বন্দুকযুদ্ধে’ কালা বাবু নিহত হলেন। রোববার সকালের ওই ‘বন্দুকযুদ্ধ’ নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবার বলছে, মেজবাহ কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু ডিবির দাবি, তিনি অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন।
এর আগে ১৭ জুলাই হাতিরঝিলে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন উত্তরায় নিরাপত্তাকর্মীকে হত্যা করে এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান সন্দেহভাজন গিয়াসউদ্দীন ওরফে আপন।
গত ২৮ আগস্ট রাতে মগবাজারের সোনালীবাগের চান বেকারি গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রুনা আক্তার (৩০), মুন্না (২২) ও বিল্লাল হোসেন (২০)। গুলিবিদ্ধ হন রুনার ভাই হৃদয়। রুনার ভাই মো. শামীম ওরফে কালাচান এ ঘটনায় কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। রেলের জমি নিয়ে বিরোধে তিনজন খুন হন বলে স্থানীয় লোকজন জানান। এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হলেও কালা বাবু পলাতক ছিলেন।
গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ওই মামলার পর কালা বাবু ক্ষিপ্ত হয়ে বারবার কালাচানকে হত্যার হুমকি দেন। সোমবার ভোররাতে হত্যা করার হুমকি দেওয়া হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোররাতে ডিবি পুলিশ মগবাজারের চান বেকারি গলিতে গেলে হঠাৎ সাত-আটজন যুবক পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে বাবু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ডিবি কালা বাবুকে চিনত না এবং তাঁর কোনো ছবিও তাদের কাছে ছিল না। কালা বাবু গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া তাঁর দুই সহযোগী আল আমিন ও রাজিব এবং স্থানীয় লোকজন তাঁকে শনাক্ত করেন। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, পিস্তলের গুলির সাতটি খোসা পাওয়া গেছে।
পুলিশের দাবি, গোলাগুলির সময় প্রতিপক্ষের ধাওয়ায় পড়ে গিয়ে পুলিশের দুই সদস্য সামান্য আহত হন। তাঁরা পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানায়, কালা বাবু এ বছরের শুরুতে টিঅ্যান্ডটি কলোনিতে আনসার সদস্যকে গুলি করে হত্যা, ২০০৯ সালে মগবাজারে তোবা গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনের শ্বশুরকে হত্যা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনের পর দুপুরে চান বেকারি গলিতে গেলে স্থানীয় অনেকেই জানান, তাঁরা গোলাগুলির তেমন শব্দ শোনেনি। টেলিভিশনে খবর দেখে এলাকায় গোলাগুলির খবর জেনেছেন।
এদিকে নিহত কালা বাবুর স্ত্রী মরিয়ম বেগম বলেন, রোববার রাতে সোনারগাঁয়ের বারদীর বিজয়নগর থেকে তাঁর স্বামীকে ধরে আনে ডিবির একটি দল। রাত ১০টার দিকে সাদা পোশাকে ১৫-২০ জন পাঁচটি নৌকায় করে তাঁদের বাড়িতে গিয়ে কড়া নাড়ে। এর কিছুক্ষণ আগেই বাবু বাড়ি এসেছিলেন। বাবু দরজা খুলতেই কেউ দরজায় লাথি দিলে তিনি ছিটকে ঘরের ভেতরে পড়েন। পরে তাঁকে চ্যাংদোলা করে নৌকায় তোলা হয়। আগন্তুকেরা জানান, তাঁরা ‘ডিবির লোক’। বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে। পরে সকালে টিভিতে বাবুর মৃত্যুর খবর শোনেন এবং বিকেল সাড়ে পাঁচটার দিকে মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি জানান, বারদীতে তাঁদের বাড়িতেই থাকতেন বাবু। মাঝে মাঝে কোথায় যেতেন, তা তিনি জানেন না।
মরিয়ম বলেন, তাসিন খন্দকার নামে তাঁদের দুই বছর বয়সী একটি ছেলে আছে।