এবার পাগড়ি থেকে উদ্ধার হলো পৌনে দুই কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার পাগড়ির ভেতর থেকে উদ্ধার করা হলো প্রায় পৌনে দুই কেজি সোনা। গতকাল সোমবার সৌদি আরব থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা কার্টনের ভেতরে রাখা পাগড়ি থেকে এই সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস।

তিন মালয়েশীয় নাগরিকের কাছ থেকে ৪৫ কেজি সোনা আটকের এক দিন পর এই সোনা উদ্ধার হলো।

কাস্টম সূত্র বলেছে, সোনাসহ গ্রেপ্তার যাত্রীর নাম মোহাম্মদ মামুন। বাড়ি শরীয়তপুরের জাজিরায়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে সৌদি আরব থেকে ঢাকায় আসেন।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেলের সামনে থেকে মামুনকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা কার্টনের ভেতরে একটি পাগড়ির মধ্যে ১৫টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। মামুন সৌদি আরবে দরজির কাজ করেন। ১০ বছর পর তিনি দেশে ফিরেছেন। বেশি লাভের আশায় এসব সোনার বার নিয়ে তিনি দেশে ফিরেছেন।