এবার পেটে গজ রেখে সেলাই তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এবার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নওদাপাড়া শাখায় অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানা যায়, গত ১৭ অক্টোবর হাসপাতালটির নওদাপাড়া শাখায় স্বাধীনা আকতার (২২) নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। দীর্ঘদিন ধরে সুস্থ না হওয়ায় তাঁর শরীরে আরও দুই দফা অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ ৩ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় দফায় অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে গজ অপসারণ করা হয়।

স্বাধীনা আকতার চারঘাট উপজেলার নন্দনগাছি ফকিরপাড়া এলাকার হাফিজুর রহমানের স্ত্রী। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন সঞ্জীব কুমার সাহা বলেন, বৃহস্পতিবার তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এ দিন বিকেলেই ডেপুটি সিভিল সার্জন এনামুল হককে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে কাল রোববার থেকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া ২৮ অক্টোবর হাসপাতালটির লক্ষ্মীপুর শাখায় প্রসূতির শরীরে অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অস্ত্রের আঘাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় চিকিৎসকসহ চার-পাঁচজনের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা হয়। মৃত নবজাতকের বাবা খালিদ হাসান মামলাটি করেন। তাঁর বাড়ি নগরের তালাইমারী বাদুরতলা এলাকায়।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ মামলার ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পুলিশের হাতে এসে পৌঁছায়নি। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। এসব বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নওদাপাড়া শাখার প্রশাসনিক কর্মকর্তা আতিকুল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনার কথা তাঁর জানা নেই।