এবার প্ল্যাটফর্মে মোটরসাইকেল চালিয়ে দাপট দেখালেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার তিনি রাজশাহী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে মোটরসাইকেল চালিয়ে দাপট দেখালেন। তিনি নিজেকে রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) আত্মীয় বলে পরিচয় দেন। গত ২৫ আগস্ট গার্ড ব্রেকে তাঁর মালামাল না নেওয়ায় চলন্ত ট্রেনেই তিনি গার্ডকে বরখাস্ত করান। আর রোববার বিকেলে তিনি মোটরসাইকেল নিয়ে দাপট দেখালেন।

এই ব্যক্তির নাম মেহেদি। তাঁর বাড়ি রাজশাহী নগরের শিরোইল এলাকায়। গত ২৫ আগস্ট রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচলকারী পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেকে (ট্রেন পরিচালকের কক্ষ) তাঁর মালামাল না নেওয়ায় তিনি ট্রেনের গার্ড খলিলুর রহমানকে চলন্ত ট্রেনের ভেতরেই বরখাস্ত করান। এ নিয়ে পরের দিন প্রথম আলোতে ‘চলন্ত ট্রেনেই গার্ড বরখাস্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অবশ্য এর পরের দিনই এই বরখাস্ত আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহী স্টেশনে পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার অপেক্ষায় ছিল। এ সময় মেহেদি একটি সাদা রঙের মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনে উঠে পড়েন। তিনি মোটরসাইকেলটি টিকিট কাউন্টারের পাশে রেখে ট্রেনের গার্ড ব্রেকে উঠলেন। তারপর নেমে এলেন। তখনই আবার গার্ড ব্রেকে উঠলেন। তখনই নেমে এলেন। এরপর তিনি তাঁর মোটরসাইকেল চালিয়ে স্টেশন ভবনের টিকিট কাউন্টারের সামনে দিয়ে পশ্চিমের গেটের কাছে এসে দাঁড়ান। সেখানে রেলওয়ের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য তাঁকে থামানোর চেষ্টা করেন। মেহেদি তাঁকে কিছু একটা বলার পরে ওই নিরাপত্তা বাহিনীর সদস্য তাঁকে আর আটকানোর চেষ্টা করেননি। তিনি নিচে নেমে রেলওয়ের একজন কর্মচারীকে মোটরসাইকেলের পেছনে তুলে নিয়ে চলে যান।
এ ব্যাপারে একাধিকবার মেহেদির মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

রেলওয়ে প্ল্যাটফর্মে মোটরসাইকেল চালানো যায় কি না, জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিরাপত্তার বাহিনীর চিফ কমান্ড্যান্ট হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল কেন, প্ল্যাটফর্মে বা স্টেশন ভবনের ভেতরে একটি সাইকেলও কেউ ওঠাতে পারবে না। মেহেদির মোটরসাইকেল চালানোর বিষয়টি শুনে তিনি বলেন, ঘটনাটি শুনেছেন। শোনার পরপরই তাঁর পরিদর্শককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যদি ঘটনা সত্য হয়, তাহলে তিনি কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ডিজির আত্মীয় পরিচয় দেওয়ার ব্যাপারটি শুনে তিনি বলেন, ‘ওই ছেলে ডিজি স্যারের আত্মীয় কি না, আমি জানি না। তবে স্যার খুব শক্ত মানুষ। তিনি এগুলো প্রশ্রয় দেবেন না।’

এ ব্যাপারে মহাপরিচালক আমজাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।