এবার ফতুল্লায় নিখোঁজের ১৪ দিন পর শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নিখোঁজের ১৪ দিন পর চার বছরের শিশু মাইরুন নেছার গলিত লাশ উদ্ধার করল পুলিশ। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরের নির্মাণাধীন ফায়ার সার্ভিস স্টেশনের পাশের এক ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার দুই দিন আগে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর সজীব মজুমদার নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছিল পুলিশ। শিশুটির লাশ গ্রামের একটি ঘের থেকে উদ্ধার করা হয়।
ফতুল্লা থেকে গতকাল রাত আটটার দিকে শিশু মাইরুন নেছার লাশ উদ্ধার করা হয়। সে শাসনগাঁও কলাবাগ এলাকার লুৎফর রহমান ও আসমা বেগম দম্পতির মেয়ে। লুৎফর বিসিক শিল্পনগরের ‘নিট কমপ্লেক্স’ নামের একটি গার্মেন্টস কারখানার নৈশপ্রহরী এবং আসমা ‘জয়ার্প’ নামের এক গার্মেন্টসের কর্মী।
শিশুটির মা সাংবাদিকদের বলেন, ৮ ফেব্রুয়ারি তাঁর মেয়ে মাইরুন নিখোঁজ হয়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু পুলিশ ওই ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি। এর মধ্যে প্রচারপত্রে হারানো বিজ্ঞপ্তি লিখে তাঁরা বিভিন্ন স্থানে তা সাঁটিয়ে দেন। তাতেও মেয়ের সন্ধান পাননি। পরে গত রাতে মেয়ের লাশের হদিস মেলে।
আসমা বেগম আরও বলেন, কারও সঙ্গে তাঁদের কোনো শত্রুতা ছিল না। তাই মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতেও পারছেন না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, লাশটি উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তিনি বলেন, পুলিশ পদক্ষেপ নেয়নি—মেয়েটির মায়ের এই অভিযোগ সঠিক নয়। জিডির পর পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছিল।