এবার বড় ভাইকে গলা কেটে হত্যা
ছোট ভাইকে হত্যার সাড়ে পাঁচ মাস পর বড় ভাই জাকির হোসেনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিদের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামে। গতকাল মঙ্গলবার পুলিশ বাড়ির পাশের নালা থেকে জাকির হোসেনের (৪০) লাশ উদ্ধার করে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গত ২ জুন রাতে নোয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আবুল কাশেমকে কে বা কারা চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে। এ ঘটনায় তাঁর বড় ভাই জাকির হোসেন (৪০) ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখনো ওই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। গতকাল সকাল সাড়ে সাতটায় কাশেমের বড় ভাই জাকির হোসেনের গলাকাটা লাশ বাড়ির পাশের গভীর নলকূপের নালায় দেখতে পান এক মাদ্রাসাশিক্ষক। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
জাকিরের স্ত্রী ফারজানা আক্তার বলেন, গত সোমবার রাত আনুমানিক আটটার পর তাঁর স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি ফিরে আসেননি। তিনি অভিযোগ করেন, ‘সাড়ে পাঁচ মাস আগে আমার দেবর কাশেমকে যারা হত্যা করেছে, তারাই আমার স্বামীকে হত্যা করেছে।’
ব্রাহ্মণপাড়া থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বলেন, তাঁর গলা কাটা এবং বুকের ডান পাশে দুটি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিরের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।