ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে এবার বলি হলো মেহগনি, আম ও লেবুসহ ৪০৭টি গাছ। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামে।
শুক্রবার সন্ধ্যায় সিংহ প্রতাপ গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ, বাচ্চু মোল্লা, সফি মাতুব্বর ও সামচেল শেখের চারটি বাগান থেকে দুই থেকে আট বছর বয়সী ৩৩০টি মেহগনি, ৩২টি আম ও ৪৫টি লেবুগাছ কেটে ফেলা হয়।
গট্টি ইউনিয়নের মেম্বর গট্টি গ্রামের বাসিন্দা সালথা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. রফিক মাতুব্বরের সঙ্গে একই ইউনিয়নের বাগাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগে সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ওরফে মোনায়েম কাজীর স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিবদমান সালথা উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে মো. রফিক মাতুব্বর জাতীয় সংসদের উপনেতা ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সাংসদ সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের সমর্থক। অপরদিকে আশরাফুল ইসলাম ওরফে মোনায়েম কাজী আয়মন আকবরের বিরোধী অংশের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
এই বিরোধের জেরে গত শুক্রবার সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত গট্টি ইউনিয়নের মেম্বর গট্টি, সিংহ প্রতাপ, বাগাট, নারায়ণপুর, কাউলিকান্দা, খোয়াড় ও বালিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত ও ২০টি বসতবাড়ি ভাঙচুর হয়েছে। পুলিশ ও র্যা ব গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সন্ধ্যায় সিংহ প্রতাপ গ্রামে উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. রফিক মাতুব্বরের চার সমর্থকের ওই গাছগুলো কেটে ফেলা হয়।
আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমি প্রায় এক লাখ টাকা খরচ করে ৩০ শতাংশ জমিতে ২৫০টি মেহগনি, ২২টি আম ও ১৫টি লেবুর গাছ রোপণ করেছিলাম। কিন্তু শুক্রবার সন্ধ্যার দিকে সংঘর্ষের কারণে আমরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগে মোনায়েম কাজীর সমর্থক গট্টি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান শেখ, তাঁর ছেলে ও আত্মীয়রা মিলে গাছগুলো কেটে ফেলেন।’
একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে বাচ্চু মোল্লা বলেন, তিনি ১৩ শতাংশ জমিতে ১০টি আম ও ৩০টি লেবুর গাছ রোপণ করেছিলেন সাত বছর আগে। গাছে ফলও হচ্ছিল। সফি মাতুব্বর বলেন, তিনি ৮ শতাংশ জমিতে আট বছর আগে ৪৫টি মেহগনিগাছ রোপণ করেছিলেন। সে গাছগুলোও কেটে ফেলা হয়েছে। সামচেল শেখ বলেন, তিনি ৮ শতাংশ জমিতে ছয় বছর আগে ৪০ হাজার টাকা খরচ করে ৩৫টি মেহগনিগাছ রোপণ করেছিলেন। সে গাছগুলোও কেটে ফেলা হয়েছে।
শাজাহান শেখ প্রথম আলোকে বলেন, ‘আমি বা আমার ছেলে ও আত্মীয়রা এ গাছ কাটার সঙ্গে জড়িত নই। আমাকে ঘায়েল করার জন্য ওই চার ব্যক্তি নিজেদের জমির গাছ নিজেরা কেটে আমাদের বিরুদ্ধে বদনাম দিচ্ছে। শুক্রবার সংঘর্ষের ঘটনার পর থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি, তাই আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ওই চার ব্যক্তিকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৪ মার্চ প্রথম আলোয় ‘আওয়ামী লীগের নিজেদের সংঘর্ষে আহত ৩০’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।