এবার বাতিল দরপত্রে কেনা যন্ত্রপাতির বিল তোলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতিল হওয়া দরপত্রের বিপরীতে কেনা প্রায় সাড়ে নয় কোটি টাকার যন্ত্রপাতি স্থাপন করে এবার বিল উত্তোলনের চেষ্টা করেছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। দরপত্রে অনিয়মের অভিযোগ ও মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় বিল পরিশোধ করেনি বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।

গত ১৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টরের চিঠির দোহাই দিয়ে বাতিল হওয়া দরপত্রের যন্ত্রপাতি তড়িঘড়ি করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থাপনের উদ্যোগ নেন পরিচালক এস এম সিরাজুল ইসলাম। এর জন্য সার্ভে কমিটির প্রধান শারফুজ্জামানকে দিয়ে ‘কাগুজে সার্ভে’ করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে তখনকার পরিচালক কামরুল হাসান সেলিম ভারী যন্ত্রপাতি কেনার জন্য প্রায় ১৩১ কোটি টাকার পৃথক দুটি দরপত্র আহ্বান করেন। দরপত্র আহ্বানের সঙ্গে সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোং প্রথম ধাপে ৯ কোটি ৪০ লাখ টাকার যন্ত্রপাতি সরবরাহ করে।

কিন্তু নিয়মবহির্ভূতভাবে আহ্বান করা দুটি দরপত্র গত বছরের ২০ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বাতিলের নির্দেশ দেয়। একই সঙ্গে ওই অভিযোগে তখনকার পরিচালক কামরুল ইসলামকে বরখাস্ত করে নিজামউদ্দিন ফারুককে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পরিচালক নিজামউদ্দিন ফারুক ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর দরপত্র দুটি বাতিল করেন। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান যন্ত্রপাতিগুলো হাসপাতালের করিডরে ফেলে​ রেখে যায়। এক বছর সেখানেই পড়ে ছিল সেগুলো।

এ ব্যাপারে তখনকার পরিচালক নিজামউদ্দিন ফারুক প্রথম আলোকে বলেন, ‘পরিচালক কামরুল ইসলাম বিধি ভঙ্গ করে দরপত্র আহ্বান করায় ওই দরপত্র বাতিল করে মন্ত্রণালয়। আমি দায়িত্ব নেওয়ার পর ওই মালামাল গ্রহণ করিনি। মন্ত্রী ও মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া ওই দরপত্রের মালামাল গ্রহণ করার সুযোগ নেই।’

এদিকে বর্তমান পরিচালক এস এম সিরাজুল ইসলাম গত ২৬ জুন চলতি অর্থবছরের শেষ কার্যদিবসে বিল নিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যান। কিন্তু বিল-ভাউচারে ত্রুটি ও মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় অর্থ ছাড় করতে অস্বীকৃতি জানান হিসাবরক্ষণ কর্মকর্তা।

হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, গত বছরের ৩০ জুন হাসপাতালের জন্য ভারী যন্ত্রপাতি সরবরাহ করা হলেও তা গ্রহণ করা হয় চলতি বছরের ২৬ জুন। কার্যাদেশের শর্তে বলা হয়েছে, এক মাসের মধ্যে মালামাল সরবরাহ করা না হলে কার্যাদেশ বাতিল হয়ে যাবে। ওই বছরই মন্ত্রণালয় কার্যাদেশ দুটি বাতিল করে।

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ) মো. রেফায়েত উল্লাহ বলেন, গত অর্থবছরের সরবরাহ করা দরপত্র মন্ত্রণালয় বাতিল করেছে। কিন্তু সেই বিলই অনুমোদনের জন্য জমা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তা ছাড়া যিনি মাল বুঝে নিয়েছেন, সেই স্টোরকিপারের স্বাক্ষরও নেই বিল-ভাউচারে। এ ধরনের বিল অনুমোদন দেওয়া সম্ভব নয়। মন্ত্রণালয়ের অনুমোদনসহ বিল-ভাউচার জমা দিতে বলা হয়েছে।

হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি অনুমতি নিয়েই যন্ত্রপাতি স্থাপন করেছি। কিন্তু বিল উপস্থাপন করলে বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় দরপত্র বাতিলের অভিযোগ তুলে বিল অনুমোদন দেয়নি।’

আপনি কেন হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে বিল জমা দিতে গেলেন—এই প্রশ্নে পরিচালক প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ যায়নি। তা ছাড়া কিছু স্বাক্ষর বাকি থাকায় আমি সেখানে যাই। অন্য কোনো কারণ নেই।’