এবার বাড়িতে 'বোমা মেশিন'

কোনোটি বাড়ির পেছনে। আবার কোনোটি সামনে পুকুরের সমান গর্ত করে রাখা। যন্ত্রের সঙ্গে পাইপও আছে। দূর থেকে দেখলে কৃষিজমিতে সেচকাজ বলে মনে হবে। কিন্তু বাস্তবে তা নয়, জমির নিচে পাথর থাকায় এভাবে বাড়ির পেছনে-সামনে ছোট-বড় গর্ত করে পানি সেচে অবৈধভাবে উত্তোলন হচ্ছিল পাথর।
যন্ত্রগুলো সবই নিষিদ্ধ। পাথর কোয়ারিতে অবৈধভাবে ব্যবহারের পরিবেশবিধ্বংসী ‘বোমা মেশিন’। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪৩টি যন্ত্র জব্দ করে। পরে সেখানেই হাতুড়ি দিয়ে ধ্বংস করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।
টাস্কফোর্স সূত্র জানায়, সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চরারবাজার গুচ্ছগ্রাম ও মাঝেরগাঁও এলাকায় টাস্কফোর্সের অভিযান হয়। ২৩টি বাড়িতে এ যন্ত্র ব্যবহার হতে দেখা যায়। খুঁজে খুঁজে ৪৩টি যন্ত্র ও পাইপলাইন জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই হাতুড়ি দিয়ে ধ্বংস করা হয়।
গুচ্ছগ্রামের বাসিন্দা পাথরশ্রমিক আল আমিনের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগরে। তাঁরা দুই ভাই পরিবার নিয়ে এখানে বসবাস করছেন। তাঁর বসতঘরের ঠিক পেছন থেকে একটি যন্ত্র জব্দ করা হয়। আল আমিন যন্ত্রের মালিক দাবি করেননি। তবে তিনি স্বীকার করেন যে এ যন্ত্র দিয়ে উত্তোলন করা পাথর বহনের কাজ করছিলেন তিনি। তাঁর কথা, ঘরবাড়িসহ আশপাশের জায়গা খাস হওয়ায় প্রভাবশালীদের তৎপরতার মাধ্যমে মালিকানা বদলায়। স্থায়ী বসবাস না হওয়ায় বসবাসকারীদের মধ্যে নিজ ঘরের আশপাশ খুঁড়ে পাথর উত্তোলনের তৎপরতা চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল বলেন, চরারবাজার ও মাঝেরগাঁও নামের দুটো এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্য। বসতি এলাকা ছাড়া আশপাশ কৃষি ও ভিটা শ্রেণির জমি। জমির নিচে বড় বড় পাথরখণ্ড থাকায় পাথর ব্যবসায়ীদের একটি চক্র জমির শ্রেণি পরিবর্তন করতে এ তৎপরতা চালাচ্ছিল। এতে করে বসতি এলাকায় ঝুঁকি দেখা দিয়েছিল। টাস্কফোর্সের অভিযানের পর স্থানীয় জনসাধারণকে পাথর কোয়ারি এলাকার বাইরে এভাবে পাথর উত্তোলন অবৈধ—এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে জব্দ করা যন্ত্রগুলো পাথর কোয়ারিতে চলা অবৈধ বোমা মেশিনের চেয়ে আকারে ছোট। এ যন্ত্র শ্যালো মেশিন হিসেবে কৃষিজমিতে সেচকাজে ব্যবহৃত হয়। অবৈধ ব্যবহার আড়াল করতে সাংকেতিক নাম ‘বিলাই বোমা’ বলেও ডাকা হয়।
বোমা মেশিন পাওয়ার পাম্প দিয়ে তৈরি একধরনের পাথর উত্তোলন যন্ত্র। ২০০৯ সাল থেকে সিলেটের পাথর কোয়ারিতে এ যন্ত্রের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। মাটির প্রায় ৪০ থেকে ৬০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করায় ভূমিধসের আশঙ্কা থাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বোমা মেশিনসহ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করে।
এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছিল পাথর উত্তোলন। এর মধ্যে গত ২৩ জানুয়ারি সরকারি খাস খতিয়ানের শাহ আরেফিন টিলায় বোমা মেশিনের গর্ত ধসে একসঙ্গে পাঁচজন শ্রমিক মারা যান। এরপর দুই মাসে ওই টিলাসহ জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারিতে বোমা মেশিনের গর্ত ধসে আরও নয়জন মারা যান।
সর্বশেষ ২০ জুলাই শাহ আরেফিন টিলা এলাকায় পাথর উত্তোলনের সময় গর্ত ধসে মোস্তাকিন মিয়া নামের এক শ্রমিক মারা যান। এ ঘটনার পর থেকে টাস্কফোর্স টানা অভিযান শুরু করে। গতকাল বাড়ি থেকে অবৈধ যন্ত্র জব্দের আগে গত মঙ্গলবার ও বুধবার টানা দুদিন টাস্কফোর্স অভিযান চালিয়ে শাহ আরেফিন টিলা ও কোম্পানীগঞ্জের কালাউরা এলাকায় অভিযানে মাটির তলদেশের প্রায় ৫০ ফুট গভীর থেকে ২৫টি বোমা মেশিন জব্দ করে হাতুড়ি দিয়ে ভাঙা হয়।
অবৈধ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের মধ্যে এটিই ছিল প্রথম মাটির গভীর থেকে তোলা যন্ত্র ধ্বংসের অভিযান। ২৫ যন্ত্রের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা হবে বলে উপজেলা প্রশাসন জানায়।
অবৈধ যন্ত্র ব্যবহার করে বসতবাড়ি থেকে পাথর উত্তোলন অশনিসংকেত বলে মন্তব্য করেন কোম্পানীগঞ্জ ইউএনও মুহাম্মদ আবুল লাইছ। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, অব্যাহত অভিযানে পাথর কোয়ারিতে অবৈধ যন্ত্র ব্যবহার করতে না পেরে এভাবে কৃষিজমি ও বসতবাড়ি এলাকায় ব্যবহার শুরু হয়েছে। এতে সবার আগে বসতি এলাকার বাসিন্দরা ভূমিধসের মুখে পড়বেন—এ বিষয়ে টাস্কফোর্সের অভিযানে সতর্ক করে দেওয়া হয়েছে।