নোয়াখালীতে এবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের গাড়িবহরের অগ্রভাগের দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এর আগে গত বুধবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নূর পাটোয়ারীরহাটে মোহাম্মদ শাহজাহানের পথ সভায় হামলার ঘটনা ঘটেছিল।
দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঈদ উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা সুবর্ণচর উপজেলায় গতকাল সকাল থেকে গণসংযোগ করছিলেন। বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাটে যাওয়ার পথে তিনি একটি মসজিদে নামাজ পড়তে ঢোকেন। এ সময় তাঁর গাড়িবহরের সামনে থাকা ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ওই বাজারে যান। হঠাৎ সেখানে ৩৫-৪০ জন যুবক তাঁদের ওপর হামলা চালান। এতে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মো. ইমন, নুর হোসেন, মো. তুহিন, তানভির হোসেন, মো. মাসুম, রাশেদ উদ্দিন, ওমর ফারুকসহ কমপক্ষে ১০-১২ জন নেতা-কর্মী আহত হন।
উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া অভিযোগ করেন, আক্তারমিয়ারহাটে বিএনপির শান্তিপূর্ণ গণসংযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। তবে বিএনপি নেতার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, এটি বিএনপির অভ্যন্তরীণ সমস্যা। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আক্তারমিয়ারহাটে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সামান্য মারামারি হয়েছে। মোহাম্মদ শাহজাহানের গাড়িবহরে হামলার কোনো ঘটনা ঘটেনি।