এবার ব্যবসায়ীর গুদামে মিলল ভিজিএফের ১৪৭ বস্তা গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ভিজিএফের ৫০ কেজির ১৪৭ বস্তা গম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পৌরসভার বাসটার্মিনাল এলাকায় বন্যা রাইস মিলের একটি গুদামে অভিযান চালিয়ে এই গম জব্দ করা হয়।

গুদামটির মালিক নিখিল কুণ্ডু। এর আগে তাঁর গুদামে ভিজিএফের এক হাজার বস্তা গম পাওয়ার অভিযোগ ওঠে। সে সময় তিনি সেগুলো কিনে নিয়েছেন বলে দাবি করেন।

এ নিয়ে ২১ জুন প্রথম আলোয় ‘ভিজিএফের গম ব্যবসায়ীর গুদামে’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এরপর গতকাল ওই গুদামে অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ পুলিশ নিয়ে নিখিল কুণ্ডুর গুদামে অভিযান চালান। এ সময় দ্রুত সেখানে ছুটে যান বদরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তমকুমার সাহা। তিনি গম জব্দ না করতে এবং আইনগত ব্যবস্থা না নিতে অভিযুক্ত ব্যবসায়ীর পক্ষে সাফাই গান। অভিযানের সময় গুদামটির মেঝেতে আরও অন্তত তিন হাজার কেজি গম ও সরকারি খাদ্যগুদামের সিলযুক্ত ছয় শতাধিক বস্তা পড়ে থাকলেও ভ্রাম্যমাণ আদালত তা জব্দ করেননি।

মেয়র ভ্রাম্যমাণ আদালতকে বলেন, ‘খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত খালি বস্তা বাজার থেকে কিনে গম ভরিয়েছেন ব্যবসায়ী নিখিল। ভিজিএফের এসব গম দুস্থদের কাছ থেকে কিনেছেন তিনি। আমি নিজেও ভিজিএফের ছয়টি স্লিপের বিপরীতে এক বস্তা করে গম দুস্থদের দেওয়ার পর তাঁরা তা বিক্রি করেছেন।’

প্রত্যক্ষদর্শী পাঁচজন সাংবাদিক বলেন, নিখিলের গুদামে অভিযান চালানোর একপর্যায়ে আদালতের বিচারক আবুল কালাম আজাদ ব্যবসায়ী মানিক রাহার গুদামে অভিযান চালানোর প্রস্তুতি নেন। কিন্তু একের পর এক ফোন আসার পর তিনি অভিযান পরিচালনা বাদ দিয়ে গাড়িতে উঠে চলে যান।

এ প্রসঙ্গে বিচারক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের একটা লিমিটেশন আছে। যেহেতু ওই গুদামের মালিক উপস্থিত নেই, তাই তালা ভেঙে অভিযান পরিচালনা সম্ভব নয়।’

এরপর সাংবাদিকেরা বিষয়টি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে জানান। প্রায় এক ঘণ্টা পর বিচারক আবুল কালাম আজাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়াকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী মানিক রাহার উপস্থিতিতে তাঁর গুদামে অভিযান চালান। সেখানেও খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত অন্তত ৫০০ বস্তা গম দেখতে পান বিচারক। কিন্তু তিনি তা জব্দ করেননি।

এ বিষয়ে বিচারক আবুল কালাম আজাদ বলেন, মানিক রাহার গুদামে থাকা প্রতি বস্তায় গম ছিল ৬০ কেজি করে। কিন্তু ঈদের আগে খাদ্য অধিদপ্তর ভিজিএফের গম সরবরাহ করেছে ৫০ কেজির বস্তা। তাই তা জব্দ করা হয়নি।

অভিযুক্ত ব্যবসায়ীদের পক্ষে সাফাই গাওয়ার কারণ জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের সামনে মেয়র উত্তমকুমার সাহা বলেন, ‘ন্যায্য কথা বলছি। সাংবাদিকেরাও ধোয়া তুলসীপাতা নন। আমিও ব্যবসা করি। নিখিল বড় ব্যবসায়ী। এখানে উপজেলা চেয়ারম্যান এসেছেন। এলাকায় থাকলে এমপিও আসতেন। অযথা আপনারা (সাংবাদিক) কেন এটা নিয়ে বাড়াবাড়ি করছেন?’

এসব বিষয়ে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বিকেলে মুঠোফোনে বলেন, ‘দুই গুদামের গম জব্দ করার জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছি।’