এবার ভ্যাকুয়াম ক্লিনারে সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর থেকে সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
গতকাল শুক্রবার দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইনসের যাত্রী মহিবুল খানের আনা এই ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার হয়। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে। তিনি মালয়েশিয়ান এয়ারলাইনসে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন। মহিবুলের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে গ্রিন চ্যানেলের সামনে মহিবুলের মালামাল তল্লাশি করা হয়। এ সময় ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরে লুকানো সোনার নয়টি বল, ১২টি চেন ও ১২টি আংটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
শুল্ক গোয়েন্দাদের অপর একটি সূত্র জানায়, প্রাথামিক জিজ্ঞাসাবাদে মহিবুল জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে সোনার বার কিনে তা গলিয়ে একটি বল তৈরি করেন তিনি। ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরে রাখার জন্য বলটি কেটে নয় টুকরা করা হয়। সঙ্গে আরও ১২টি চেন ও ১২টি আংটি ভ্যাকুয়াম ক্লিনারে ভরেন মহিবুল।
শুল্ক কর্মকর্তারা জানান, একের পর এক সোনার চালান ধরা পড়ায় চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এর আগে গত ১ সেপ্টেম্বর ট্রলি ব্যাগের ভেতর বিশেষভাবে রাখা সাড়ে চার কেজি ওজনের সোনার আটটি পাত ধরা পড়েছিল । অবশ্য ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ট্রলি ব্যাগটি ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে দুবাই থেকে ঢাকা আনা হয়েছিল। এর আগে ২২ আগস্ট জুসের প্যাকেটের ভেতর থেকে সাত কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় মালয়েশিয়া থেকে আসা মো. আল আমিন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।