এবার মঠপ্রধানকে গলা কেটে হত্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি হিন্দু মঠের অধ্যক্ষকে গতকাল রোববার সকালে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মঠপ্রধানের নাম যজ্ঞেশ্বর রায় (৫০)। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হয়েছেন।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) পঞ্চগড়ের শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষকে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। সাইটের প্রধান রিটা কাৎজ এক টুইটার বার্তায় এ কথা জানান।
অবশ্য আইএসের এই দায় স্বীকারকে নাকচ করে দিয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তবে পুলিশ সুপার এ-ও বলেন, ‘এটি ধর্মীয় সম্প্রদায়ের ওপর কোনো পরিকল্পিত হামলা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ তিনি জানান, এ জন্য অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলার সব হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জেলায় দুই বিদেশি নাগরিক হত্যা, একাধিক খ্রিষ্টান পাদরিকে হত্যার চেষ্টা এবং আহমিদয়া ও শিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা হামলাসহ নয়টি ঘটনায় আইএস দায় স্বীকার করেছিল, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছিল। তবে শুরু থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব দাবি জোরালোভাবে নাকচ করে বলা হয়েছে, এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। পঞ্চগড়ে গতকালের হামলার আগে সর্বশেষ ঘটনা ঘটেছিল গত ৭ জানুয়ারি ঝিনাইদহে। ওই দিন সেখানে ধর্মান্তরিত এক হোমিও চিকিৎসককে দুর্বৃত্তরা হত্যা করে।
গতকাল সকাল সাতটার দিকে দেবীগঞ্জ-বোদা সড়কের পাশে সোনাপাতা এলাকায় যখন হামলার ঘটনাটি ঘটে, তখন শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের ছোট মন্দিরে প্রতিদিনের মতো নিত্যপূজার প্রস্তুতি চলছিল। মঠের পাশেই একটি টিনের ঘরে থাকতেন যজ্ঞেশ্বর রায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী ছিল তিনজন। তাদের একজন হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। অন্য দুজনের মধ্যে একজন পিস্তল হাতে, অন্যজন ধারালো চাপাতি নিয়ে ভেতরে ঢোকে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, এটা জঙ্গিদের কাজ বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
মঠের সেবায়েত নিতাইপদ দাস প্রথম আলোকে বলেন, ‘সকাল সাতটার দিকে দুটি গুলির শব্দ শুনতে পাই। এরপর চিৎকার। দরজা খুলে বাইরে এসে দেখি আমার সামনে খোঁচা খোঁচা দাড়িওয়ালা ৩০-৩৫ বছরের এক যুবক পিস্তল হাতে দাঁড়িয়ে। তার গায়ে কালো জ্যাকেট। উত্তর দিকে টিনের চালাঘরের বারান্দায় মঠের অধ্যক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে আরেকজন। আমি বাইরে আসার চেষ্টা করলে আমাকে গুলি করার চেষ্টা করে। কিন্তু পিস্তল থেকে কোনো গুলি বের হয়নি। আমি দৌড়ে পাশের বাজারে গিয়ে লোকজনকে ঘটনাটি জানাই। এর মধ্যে হামলাকারীরা ককটেল ফাটিয়ে মঠের পশ্চিম দিক দিয়ে চলে যায়।’
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি রক্তমাখা জ্যাকেট, রক্তমাখা একটি চাপাতি, একটি পিস্তলের গুলি ও একটি তাজা ককটেল উদ্ধার করেছে। কালো টেপ দিয়ে মোড়ানো ককটেলের গায়ে মার্কার কলম দিয়ে ইংরেজিতে ‘আইএস’ লেখা রয়েছে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা। রাত সাড়ে ১০টায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিল উদ্দিন জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দেবীগঞ্জের দেবীডুবা গ্রামের খলিলুর রহমানকে (৪৫) তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে।
নিহত যজ্ঞেশ্বর রায়ের বাড়ি দেবীগঞ্জ উপজেলার সোনাহারে। তিনি অবিবাহিত ছিলেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তাঁর লাশ মঠ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে মঠের পাশে করতোয়া নদীর তীরে শ্মশানে তাঁর লাশ দাহ করা হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ সাধু গোপাল চন্দ্র রায়কে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গোপাল রায়ের বাঁ হাতের কনুইয়ের পাশে দুই জায়গায় ক্ষত রয়েছে। তবে গুলি পাওয়া যায়নি। তিনি এখন আশঙ্কামুক্ত।
হাসপাতালের শয্যায় শুয়ে গোপাল রায় প্রথম আলোকে বলেন, ‘আমি মঠের রান্নাঘরে কাজ করছিলাম। আর আপন মনে কীর্তন গাইছিলাম। এমন সময় চিৎকারের শব্দ কানে আসে। তখন কিছু মনে হয়নি। আবার আর্তচিৎকারের শব্দ পাই। বুঝতে পারি, এটা গুরুজির (যজ্ঞেশ্বর) গলার আওয়াজ। তখন রান্নাঘর থেকে বের হয়ে দুজন লোককে দেখতে পাই। তাদের পরনে প্যান্ট ও টুপিওয়ালা জ্যাকেট (হুডি) ছিল।’
গোপাল রায় বলেন, ‘আমাকে দেখামাত্র তারা কোমর থেকে পিস্তল বের করে বলতে থাকে, “আনন্দে আছস? গান গাইস?” এ কথা বলেই গুলি ছোড়ে। আমি তখন নিচু হয়ে যাই। আমার বাঁ হাতে দুটি গুলি লাগে। এরপরও তারা গুলি করতে থাকে। কিন্তু তাদের পিস্তল থেকে গুলি বের হচ্ছিল না। তখন আমি দেয়াল টপকে পার হয়ে চিৎকার করতে থাকি।’
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাপাতা এলাকায় করতোয়া নদীর পশ্চিম পাশে শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। লম্বা একটি দোচালা টিনের ঘরে তিন-চারটি কক্ষ আছে। সেখানেই পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা হয়। শুরু থেকেই যজ্ঞেশ্বর রায় এই মঠের অধ্যক্ষ। তিনি থাকেন মঠের লাগোয়া এক ব্যক্তির বাড়িতে। ওই ব্যক্তি বাড়িতে থাকেন না। ফলে টিনের চালার বাড়িটিও মঠের কাজে ব্যবহৃত হয়। গতকাল সকালে ওই বাড়ির বারান্দায়ই যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
গতকাল দুপুরে মঠে গিয়ে দেখা যায়, সেখানে কান্নাকাটি করছেন যজ্ঞেশ্বরের ছোট বোন দিপালী রানী। যজ্ঞেশ্বরের ছোট ভাই রবীন্দ্রনাথ রায় প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই স্বেচ্ছায় গৃহ ও সংসার ত্যাগ করে এমন জীবন বেছে নিয়েছিলেন। এখানে ধর্মসভা, ধর্ম নিয়ে আলোচনা আর পূজা-অর্চনা নিয়ে থাকতেন। তাঁর কোনো শত্রু ছিল না।’
ঘটনার পর পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ূন কবির, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহ্মদ ঘটনাস্থলে যান।
নিন্দা-প্রতিবাদ: মঠের অধ্যক্ষকে হত্যা এবং এক সাধুকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।