এবার মধ্যরাতে চিকিৎসককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসককে মুখোশধারী সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। মো. সজীবুল হক নামের ওই চিকিৎসক গত বুধবার মধ্যরাতে হাসপাতালের পঞ্চমতলায় দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার বিচার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে চিকিৎসকেরা গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন। দাবি পূরণ না হলে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন তাঁরা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জানুয়ারি রাতেও চারজন চিকিৎসক হামলার শিকার হন। এক সপ্তাহের মধ্যে দুই দফা হামলার ঘটনায় হাসপাতালটির চিকিৎসকেরা উৎকণ্ঠায় আছেন। অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বিএমএ কুমিল্লা শাখা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, বুধবার রাত পৌনে একটার দিকে মুখোশধারী ছয়-সাত ব্যক্তি ককটেল ফাটিয়ে প্রবেশ করে এবং পঞ্চমতলায় চিকিৎসকদের কক্ষে ধাক্কাধাক্কি করে। তারা ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি বাসেদ আহমেদ সরকারের খোঁজ করে এবং একপর্যায়ে লাথি মেরে একটি কক্ষের দরজা খুলে ইন্টার্ন চিকিৎসক সজীবুল হককে বের করে এনে বেদম পেটায়।
হামলার বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে হাসপাতালের পরিচালকের সঙ্গে চিকিৎসকেরা গতকাল বৈঠক করেন এবং দায়ী ব্যক্তিদের আগামীকাল শনিবারের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
হাসপাতালের পরিচালক এ বি এম খুরশীদ আলম বলেন, সর্বশেষ ঘটনার সঙ্গে আগের হামলার যোগসূত্র থাকতে পারে। কুমিল্লার এসপি মো. শাহ আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’