
মাদারীপুরে দুই স্কুলছাত্রী হত্যার প্রতিবাদ জানাতে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন নিহত দুজনের স্বজনসহ তিন শতাধিক শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক। কিন্তু এই কর্মসূচি পালনকারীদের ওপর চড়াও হয় পুলিশ। কর্মসূচির আয়োজককে টেনেহিঁচড়ে, ঘাড়ে ধরে পুলিশ ভ্যানে তোলারও চেষ্টা করে পুলিশ।
পুলিশের এই বাধা ও আচরণে হতবিহ্বল কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনসহ অন্যরা। নিহত দুজনের স্বজনেরা বলছেন, হত্যাকাণ্ডের পর প্রায় ১৬ ঘণ্টা নিহত দুই মেয়ের অভিভাবকদের থানায় আটকে রাখে পুলিশ। অভিভাবকেরা ধর্ষণের অভিযোগ করলেও মামলায় সে অভিযোগের উল্লেখ করতে দেয়নি পুলিশ। আর গতকাল মানুষ ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় দাঁড়ালে সেখানেও চড়াও হয় মারমুখী পুলিশ।
তবে পুলিশ বলেছে, একটি মহল পুলিশের অনুমতি ছাড়া কর্মসূচি পালন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাই বাধা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার মাদারীপুর সদরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এএইচ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেলা ১১টার দিকে কর্মসূচিস্থলে উপস্থিত হন সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার, হ্যাপির মা মুক্তা বেগম, আয়োজক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ও অভিভাবক। তাঁরা মানববন্ধন করার জন্য দাঁড়ানোর পরপরই পুলিশের একটি দল এসে কর্মসূচি বন্ধ করে দেয়। পুলিশের মারমুখী আচরণে কর্মসূচিতে যোগ দিতে আসা শিক্ষার্থীরা ভয়ে ছোটাছুটি শুরু করে। মানববন্ধনের ব্যানারটি কর্মসূচিতে প্রদর্শনের আগেই কেড়ে নেওয়া হয়। আয়োজক এএইচ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ গাউছ উর রহমানকে টেনেহিঁচড়ে ও ঘাড়ে ধরে ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ। পরে উপস্থিত লোকজনের অনুরোধে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের এমন আচরণে সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার, হ্যাপির মা মুক্তা বেগম ও উপস্থিত লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। গাউছ উর রহমান বলেন, ‘সারা দেশে শিশুদের নির্যাতন করে হত্যা করা হচ্ছে। মাদারীপুরে নির্দয়ভাবে দুই ছাত্রীকে মারা হলো। এ ঘটনার প্রতিবাদে আমরা মানববন্ধনের আয়োজন করেছিলাম। পুলিশ কেন বাধা দিল, তা আমাদের বোধগম্য নয়।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মাদারীপুর জেলার সভাপতি খান মোহাম্মদ শহীদ বলেন, ‘দুটি মেয়েকে অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ উঠেছে, আর মানুষ প্রতিবাদ করতে পারবে না, এটা হতে পারে না। প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়ে পুলিশ প্রশ্নবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হবে।’
ওই দুই ছাত্রী নিহত হওয়ার পর থেকে পুলিশের ভূমিকা স্বজনদের মনে সন্দেহ জাগিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই হত্যাকাণ্ডের পর রাত ১০টার দিকে হাসপাতাল থেকে সুমাইয়ার বাবা বিল্লাল ও হ্যাপির মা মুক্তা বেগমকে থানায় নিয়ে গিয়ে পরদিন বেলা দুইটা পর্যন্ত থানায় বসিয়ে রাখে পুলিশ।
মুক্তা বেগম বলেন, ‘আমার মেয়ে মারা গেছে, অথচ পুলিশ আমাদেরই ১৫-১৬ ঘণ্টা থানায় আটকে রাখল। সারা রাত থানার বারান্দায় কাটছে। মেয়ের হত্যার বিচার চাইতে মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়ালাম, সেখানেও পুলিশ বাধা দিল। পুলিশের এমন আচরণ সন্দেহজনক।’
বিল্লাল শিকদার বলেন, ‘পুলিশ দীর্ঘ সময় আমাদের আটক রেখে মেয়ে কোথায় প্রেম করেছে, আমরা মেয়েকে মারধর করছি কি না, তারা আত্মহত্যা করেছে কি না—এসব জানতে চায়। আমরা বারবার বললাম, মেয়েকে পাশবিক অত্যাচার করার পর বিষ খাওয়াইয়া মাইরা ফালাইছে, পুলিশ তা শুনল না। মামলায় তারা ধর্ষণের বিষয়টি আনেইনি।’
স্থানীয় সাংবাদিকেরা বলছেন, দুই ছাত্রীর মৃত্যুর পরপর মাদারীপুরের স্থানীয় গণমাধ্যমকর্মীরা যখন পুলিশের কাছে মৃত্যুর কারণ জানতে চান, তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা আত্মহত্যা করে থাকতে পারে। পুলিশের একাধিক কর্মকর্তা তখন সাংবাদিকদের ব্যাখ্যা দেন, দুটি মেয়ের একটি ছেলের সঙ্গে প্রেম ছিল। ওই ছেলে কিছু আপত্তিকর ছবি নিয়ে মেয়ে দুটিকে ব্ল্যাকমেল করছিল। এ কারণে তারা একসঙ্গে বিষপান করেছে।
গতকাল মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিনা অনুমতিতে মানববন্ধন করার চেষ্টা করেছিল। তাই পুলিশ বাধা দিয়েছে।’ তিনি বলেন, ‘দুটি মেয়ে মারা গেছে এটি এখন আমাদের সামনে বড় সত্য। অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদের শাস্তির জন্য উপস্থাপন করা এখন পুলিশের প্রধান কাজ। ঘটনার পর থেকেই পুলিশ তত্পর। আমাদের কার্যক্রম নিয়ে সন্দেহ করা যুক্তিসংগত হবে না।’