এবার মানিকগঞ্জের চরে জঙ্গিবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া চরাঞ্চলে গতকাল সকালে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া চরাঞ্চলে গতকাল সকালে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নের কয়েকটি চরে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ, আর্মড পুলিশ, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যা ব যৌথভাবে এই অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দৌলতপুরের বাঘুটিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাঘুটিয়া বেপারিপাড়া গ্রামের বাসিন্দা আবুল বাশার, শিবালয় উপজেলার কাজী শফিউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও দৌলতপুরের পারুরিয়া সরদারপাড়া গ্রামের ইসহাক আলী, দৌলতপুরের পারুরিয়া গ্রামের জামায়াতকর্মী শাহ আলম, লাউতারা গ্রামের বাসিন্দা মাওলানা নজরুল ইসলাম এবং রামনারায়ণপুর গ্রামের চেন্তন শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি ও সন্ত্রাসী হামলার পর সারা দেশে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। ১৮ জুলাই বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এবং ১৮, ১৯ ও ২২ জুলাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে দুই দফায় অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় গতকাল ভোর ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দৌলতপুরের বাঘুটিয়া, বাঁচামরা, চর কাটারি ও জিয়নপুর ইউনিয়নে যমুনার দুর্গম চরাঞ্চলে এই অভিযান চালায় যৌথ বাহিনী।
সূত্র জানায়, সকালে প্রথমে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পারুরিয়া বাজার থেকে ইসহাক আলী, শাহ আলম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি থেকে চারটি ধারালো হাঁসুয়া (রামদা), একটি ছোরা এবং জামায়াতে ইসলামীর কয়েকটি পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়।
পুলিশ, আর্মড পুলিশ, ডিবি ও র্যা ব-৪-এর দুই শতাধিক সদস্য এই অভিযানে অংশ নেন। নেতৃত্ব দেন পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার শাজাহান শেখ এবং র্যা ব-৪-এর সাভার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার উনু মং উপস্থিত ছিলেন।
এসপি বলেন, চার-পাঁচ দিন ধরে ওই চরগুলোর বিভিন্ন এলাকা গোয়েন্দা নজরদারিতে ছিল। জঙ্গিদের আনাগোনার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এই অভিযান চালিয়ে সন্দেহভাজন জঙ্গি হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে কোনো জঙ্গি আস্তানা খুঁজে পাওয়া যায়নি। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দৌলতপুর থানার ওসি রকিবুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।