জামালপুরে চিকিৎসকের বিরুদ্ধে বেসরকারি হাসপাতালের এক প্যাথলজিস্টকে ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই নারীর বাবা সদর থানায় সাধারণ (জিডি) করেছেন।
ওই নারীর বাবা বলেন, মামলার পর থেকে ওই চিকিৎসক ও তাঁর আত্মীয়স্বজন তাঁকে মুঠোফোনে ও বিভিন্ন লোকজন দিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। এমন অবস্থায় তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ কারণে বাধ্য হয়ে জিডি করেছেন। মামলার তিন দিন পার হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলাটির তদন্ত কর্মকর্তা আসাদুল ইসলাম গতকাল বুধবার বলেন, ‘আসামি আত্মগোপনে চলে যাওয়ার কারণে গ্রেপ্তার করা যায়নি। তবে বাদীকে হুমকি দেওয়ার বিষয়ে আমার কাছে কেউ বলেননি।’
এজাহার সূত্রে জানা যায়, জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই নারী প্যাথলজিস্ট হিসেবে চাকরি করেন। একই হাসপাতালে ওই চিকিৎসকও রোগী দেখেন। গত শুক্রবার রাত আটটার দিকে তিনি ওই নারীকে শহরের জিগাতলা এলাকায় একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত রোববার রাতে ওই নারী সদর থানায় মামলা করেন।