এবার মামলা দিয়ে মারবে ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দিন আগে চট্টগ্রাম রেলস্টেশনের সব ফটক বন্ধ করে হামলা ও ভাঙচুর চালিয়েছিল ছাত্রলীগ। ওই ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাৎক্ষণিকভাবে রেল কর্তৃপক্ষ স্টেশনমাস্টারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করে। এবার ছাত্রলীগের এক নেতা সেদিনের ঘটনায় রেল কর্মকর্তা ও পুলিশসহ ১৭ জনের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার অভিযোগে’ মামলা করলেন।

ছাত্রলীগের নগর কমিটির উপদপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমানের আদালতে এ মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে নগরের কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন: জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ও তাঁর দেহরক্ষী এমরান, সহকারী পরিদর্শক মো. ওয়াহিদ, সাময়িক বরখাস্ত হওয়া স্টেশনমাস্টার জাফর আলম ও বুকিং ক্লার্ক মো. মহসীন। এ ছাড়া রেলের নিরাপত্তারক্ষী মো. রাসেল, সাইফুল ইসলাম, মোহাম্মদ সামসুদ্দিন, ইমরুল খান, মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ উল্লাহ, রবিউল হক, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান এবং সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তাকর্মী মনির হোসেন, মোহাম্মদ ছাব্বির ও হাবিবুর রহমান হাবিব।

ফৌজদারি কার্যবিধির ৩২৬, ৩২৪, ৩০৭ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। এর মধ্যে ৩০৭ ধারায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়ে ছাত্রলীগের নগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘২৭ আগস্ট স্টেশন মাস্টারের নির্দেশে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা আমাদের পাঁচ কর্মীকে বেদম মারধর করে। এদের মধ্যে ওমর গণি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিলের একটি কিডনি নষ্ট হয়ে গেছে।’

স্টেশনে ভাঙচুর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নুরুল আজিম বলেন, ‘আবেগের বশে আমাদের কিছু কর্মী একটি কাউন্টারের কাচ ভাঙচুর করেছিল।’

মামলার পর রেলের পদস্থ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাচ্ছেন না। মামলার বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হকের বক্তব্য জানতে গতকাল তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর বক্তব্য পাওয়া যায়নি। রেলের অন্য কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ কোনো মামলা করেনি। জিআরপি থানা-পুলিশ ঘটনার বর্ণনা দিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে। মামলা না করার বিষয়ে চট্টগ্রামে রেলেওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল কোনো কথা বলতে রাজি হননি।

ওই ঘটনার পর রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করে। তবে গতকাল পর্যন্ত তদন্ত শেষ হয়নি। তদন্ত কমিটির প্রধান ও রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফিরোজ ইফতেখার প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৬ জনের সাক্ষ্য নিয়েছি। ছাত্রলীগের আরও কয়েকজনের সাক্ষ্য নেওয়ার অপেক্ষায় আছি।’

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে (রোববার অনুষ্ঠিত) যোগ দিতে ট্রেনের আগাম টিকিট সংগ্রহ করতে গত ২৭ আগস্ট সন্ধ্যায় রেলস্টেশনে যান ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ৩০ আগস্টের ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগির সব কটি টিকিট চান তাঁরা। কিন্তু চাহিদামতো টিকিট না পেয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর চালান। ওই সময় টিকিট বিক্রিসহ স্টেশনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। অপেক্ষমাণ যাত্রী ও রেল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছাড়িয়ে পড়ে।

তবে স্টেশনে ভাঙচুরের ঘটনা নিয়ে ছাত্রলীগের বক্তব্য ভিন্ন। সংগঠনের নেতাদের অভিযোগ, টিকিট না দিয়ে ওই দিন সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ কর্মীকে বেদম পেটানো হয়। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের কর্মীরা সংঘবদ্ধভাবে স্টেশনে যান। ফটক বন্ধ করে তাঁরা প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন। তবে স্টেশনে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ওই সমাবেশ শেষে রোববার রাতে চট্টগ্রাম মেইল ট্রেনে করে ফেরার পথে আসন নিয়ে নিজেদের মধ্যেই ঝগড়া বাধে নেতা-কর্মীদের মধ্যে। লোহাগাড়ার বার আউলিয়া কলেজের ছাত্রলীগ নেতা তৌকির ইসলামকে মারধরের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত হয়। এই ঘটনায় ঢাকার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।