এবার মামলার খরচের জন্য চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পত্তি দখলে বাধা দেওয়ায় বিধবাকে হাত-পা বেঁধে নির্যাতনের আলোচিত মামলাটি তুলে নিতে এত দিন নানাভাবে হুমকি দেওয়া হলেও এবার আদালত থেকে জামিন নেওয়ার পর আসামিরা মামলার খরচের জন্য দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পটুয়াখালীর দশমিনা থানায় গত রোববার একটি মামলা করেছেন নির্যাতনের শিকার বিধবা কানন বালার ছেলে অসীম চন্দ্র দাস। পুলিশ এই মামলারও প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি আবুল প্যাদার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এর আগে সন্ত্রাস ও ত্রাস সৃষ্টি করে বাদীর বৃদ্ধা মা কানন বালা ও স্ত্রী মাধবী রানীকে একাধিকবার মারপিট করে জখম করা হয়। আসামিরা জোর করে বাদীর সম্পত্তির ওপর ঘর নির্মাণসহ তা দখলের চেষ্টা করেন। এ ছাড়া আসামি আবুল হোসেন প্যাদার সঙ্গে বাদীর একাধিক মামলা আদালতে রয়েছে। এ অবস্থায় আসামিরা প্রায়ই বাদীর পরিবারের লোকজনকে খুন ও জখমের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চাঁদা দাবি করতেন।

গত রোববার সকাল সাড়ে ৯টার সময় বাড়ির সামনে বাদীকে পেয়ে বিবাদী আবুল হোসেন প্যাদা ও কামাল মেলকার অজ্ঞাতনামা কয়েকজন লোকসহ বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলাকায় থাকতে হলে সব মামলা ও জিডি প্রত্যাহার করার নির্দেশ দেন। এ ছাড়া তাঁরা মামলার খরচ হিসাবে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দিয়ে বলেন, ‘আগে মামলা মোকদ্দমা দিয়া অনেক টাকা খরচ করাইছস। চাঁদার টাকা না দিলে তোকে খুন করে লাশ ফালাইয়া দেওয়া হইবে।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের সত্যতা পেয়ে আসামি আবুল হোসেন প্যাদাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মে উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে বিধবা কানন বালাকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। সম্পত্তি দখলে বাধা দেওয়ায় স্থানীয় প্রভাবশালী আবুল হোসেন প্যাদা দলবল নিয়ে কানন বালার ওপর অমানবিক নির্যাতন চালান। এ ঘটনায় কানন বালার ছেলে অসীম চন্দ্র দাস বাদী হয়ে ১১ মে দশমিনা থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেন। এই মামলা দায়ের করার পর আসামিরা ক্ষিপ্ত হয়ে অসীমের বাড়িতে গিয়ে স্বজনদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে এবং এ ঘটনায় ১৪ মে দশমিনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অসীম।

তবে ওই দিনই কানন বালার ওপর নির্যাতনের মামলার ১৪ জন আসামির মধ্যে প্রধান আসামি আবুল হোসেন প্যাদা ও ১৪ নম্বর মো. ফজলু মৃধা ছাড়া অপর ১২ জন দশমিনা বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।