এবার মালয়েশিয়ায় দুই বাংলাদেশি গ্রেপ্তার
সিঙ্গাপুরের পর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবার মালয়েশিয়ায় দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁদের কারও নাম প্রকাশ করেনি ওই দেশের পুলিশ।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্ধৃত করে বলছে, গত ১৩ ও ১৯ জানুয়ারি সাবাহ ও কুয়ালালামপুরে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনের একজন ফিলিপাইনের নাগরিক, অপরজন মালয়েশিয়ার এক নারী। জঙ্গি দমনে মালয়েশীয় পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেররিজম ডিভিশন অভিযানটি চালায়। দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে কুয়ালালামপুর থেকে। তাঁদের বয়স ২৭-২৮ বছর। দুজনই একটি বিপণিবিতানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
মালয়েশিয়ার পুলিশের বরাতে দ্য স্টার অনলাইন বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সম্প্রতি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন। গ্রেপ্তার হওয়া ফিলিপাইনের নাগরিক বাকি তিনজনকে উদ্বুদ্ধ করেন।
মালয়েশিয়ার আরেক সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইম বলছে, ফিলিপাইনের ওই নাগরিক মালয়েশিয়ায় ঘড়িবিক্রেতা ছিলেন। তিনি দুই বাংলাদেশিকে জঙ্গিবাদী কার্যক্রমে যুক্ত করেন। ফিলিপাইনের ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশীয় ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তাঁকে বিয়ে করে দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তান শ্রী খালিদ আবু বকরকে উদ্ধৃত করে স্ট্রেইটস টাইম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্রেপ্তার দুই বাংলাদেশির সঙ্গে বাংলাদেশের দায়েশের (ইসলামিক স্টেট বা আইএসকে দায়েশ নামেও ডাকা হয়) যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’
মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসের শ্রম কাউন্সিলর সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী একটি দেশের পুলিশ যখন অন্য দেশের নাগরিককে গ্রেপ্তার করে তখন দূতাবাসকে অবহিত করে। কিন্তু কুয়ালালামপুরে গ্রেপ্তার দুই বাংলাদেশির বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত দূতাবাসকে কিছু জানানো হয়নি। তাঁরা তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।
এর আগে সিঙ্গাপুরে জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে গত বছরের জানুয়ারিতে ২৬ জন ও এপ্রিলে পাঁচজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তখন (এপ্রিল) সিঙ্গাপুর পুলিশ আটজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাঁদের বিচার হয়েছে সিঙ্গাপুরেই।
এ ছাড়া গুলশানে হলি আর্টিজানে হামলায় অংশ নেওয়া ও পরে নিহত জঙ্গিদের একজন নিবরাস এবং নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে তামিম চৌধুরীর সঙ্গে নিহত আরেক জঙ্গি তাওসিফ মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। তবে মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়ানোর অভিযোগে এর আগে কোনো বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার কথা জানা যায়নি।
>জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বছর সিঙ্গাপুরে গ্রেপ্তার হয়েছিল আটজন
জানতে চাইলে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন এমন এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, গত ৫ জানুয়ারি সারদাং ইন্ডাস্ট্রিয়াল পার্কে মালয়েশিয়ায় কর্মরত মিয়ানমারের পাঁচ নাগরিককে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর পুলিশ দেশজুড়ে অভিযান শুরু করে। এই অভিযানে দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে বলে তাঁর ধারণা।
মালয়েশিয়ার পুলিশ-প্রধানকে উদ্ধৃত করে দ্য স্ট্রেইটস টাইম ও দ্য স্টার অনলাইন বলছে, গ্রেপ্তার হওয়া এই দলটি ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার সাবেক শিক্ষক ও আইএসপন্থী জঙ্গি মাহমুদ বিন আহমেদের সঙ্গে জড়িত। মাহমুদ আইএসপন্থী জঙ্গিদের একটি ‘সেল’ গঠন করেছেন।
পুলিশ-প্রধান বলেন, এই মাহমুদ ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সাইয়াফের সঙ্গে জোটবদ্ধ হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সদস্য সংগ্রহ করছেন। মালয়েশিয়া থেকে পলাতক মাহমুদ ও আবু সাইয়াফের প্রধান ইসনিয়ল হ্যাপনিয়ল দুজনেই ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদীর বায়াত (আনুগত্য প্রকাশ) গ্রহণ করেছেন।
দ্য স্টার অনলাইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র উল্লেখ করে বলছে, মাহমুদ বিন আহমেদ দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গিগোষ্ঠীগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করছেন বহুদিন ধরে। তিনি যে বিশেষ সেল গঠন করেছেন সেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও রাখাইন রাজ্য থেকে বিতাড়িত কোনো কোনো রোহিঙ্গাও রয়েছেন। জঙ্গি দলের জন্য সদস্য সংগ্রহ করে ফিলিপাইনের মিন্দানাওয়ের মারাবিতে পৌঁছানোর আগে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় সাবাহ রাজ্যকে। মিন্দানাওয়ের মারাবিকে আবু সাইয়াফ গ্রুপের প্রধান ঘাঁটি বলে মনে করা হয়।
গত বছরের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের ছাড়া এক ভিডিওতে আবু সাইয়াফ গ্রুপকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের সংগঠন এবং ইসনিলন হ্যাপিলনকে ওই দলের প্রধান বলে ঘোষণা করে। গত বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় সন্ত্রাসী হামলার পর থেকেই মালয়েশিয়া সতর্ক অবস্থানে আছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে গতকাল থেকে মালয়েশিয়ার স্টেট মেরিন পুলিশ ও ফিলিপাইন ন্যাশনাল পুলিশের মেরিটাইম গ্রুপের মধ্যে তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।