এবার মেয়রের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা
বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানের বিরুদ্ধে সাত লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এবার দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
গতকাল বুধবার বরগুনার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে মামলাটি করেন আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবুজ মিয়া নামের এক ব্যবসায়ী।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর আমতলী থানায় বিবদমান দুটি পক্ষের সমঝোতা বৈঠকে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় দুপক্ষে পাল্টাপাল্টি মামলা হয়।
ওই ঘটনার পর আমতলী পৌরসভার প্যানেল মেয়র জি এম মুসার সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গাজী সামসুল হক বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর আমতলীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মেয়র মতিয়ারকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করেন। আদালত আমতলীর ইউএনওকে তদন্ত করে ২৩ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
এরপর ২ অক্টোবর বরগুনা দ্রুত বিচার আদালতে জি এম মুসা ও তাঁর বাবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ারের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদা দাবির আরেকটি মামলা হয়।
২ অক্টোবর বরগুনার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতে ১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি এবং হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার অভিযোগে ওই মামলাটি করেন আমতলী পৌরসভার বাসিন্দা জয় চন্দ্র। আদালত মামলাটি আমলে নিয়ে আমতলীর সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেন।
রোববার বরগুনার আদালতে জি এম মুসা ও তাঁর বাবা জি এম দেলোয়ারের বিরুদ্ধে মামলা হওয়ার পর গতকাল একই আদালতে মেয়র মতিয়ারের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যাচেষ্টার পাল্টা মামলাটি করা হয়। আদালতের বিচারক মাসুম বিল্লাহ মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। মামলায় মতিয়ার রহমান, তাঁর ভাই আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবর রহমানসহ নয়জনকে আসামি করা হয়েছে।
মেয়র মতিয়ার গতকাল সন্ধ্যায় বলেন, ‘মামলার বিষয়টি আমি শুনেছি। এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা খুবই হাস্যকর। আমি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, তাই কখনো সন্ত্রাসী ও মাদকসেবীদের আমি আশ্রয়-প্রশ্রয় দিইনি। সন্ত্রাসী কর্মকাণ্ড যাঁদের রাজনীতির মূল দর্শন, তাঁরা নিজেদের অপকর্ম আড়াল করার জন্য এসব মিথ্যা মামলা করে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মনগড়া অভিযোগ করেছেন।’