এবার ময়মনসিংহে নর্দমা থেকে মরদেহ উদ্ধার
ময়মনসিংহ শহরের চরপড়া এলাকার একটি নর্দমা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর পরনে লুঙ্গি ও শার্ট ছিল।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের আমবাগান রেলওয়ে ক্যানটিনের পাশের নর্দমা থেকে মো. আশরাফ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে চরপাড়া এলাকার ময়মনসিংহ শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের একটি নর্দমায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে নয়টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি ফেলে রাখতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। দূরবর্তী কোনো স্থান থেকে মরদেহটি ভেসেও আসতে পারে। পুলিশ পরিচয় শনাক্তে কাজ করছে।