ময়মনসিংহ শহরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মো. ফরহাদ (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে আকুয়া ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে।
ফরহাদের বাড়ি শহরের আকুয়া ওয়্যারলেস এলাকায়। তাঁর বাবার নাম ফজলুল হক। ফরহাদ মাঝেমধ্যে লোহা ঝালাইয়ের কাজ করতেন। আবার বেকারও থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফরহাদের সঙ্গে সমবয়সী কয়েকজন যুবকের কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। তিন মাস আগে আকুয়া এলাকায় ক্যারম খেলা নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফরহাদ আকুয়া গরু খোয়ার এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক ইজিবাইক নিয়ে তাঁর পথরোধ করেন। পরে ইজিবাইক থেকে দুজন যুবক নেমে রামদা দিয়ে ফরহাদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা গুরুতর অবস্থায় ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ফরহাদের হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আপাতত তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।