এবার রংপুরে শিশুর বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনকের ছবি হাতে মা রাশেদা বেগম। ৪ জানুয়ারি রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে অপহৃত সন্তানকে ফেরত চাইছিলেন তিনি। গতকাল শিশুটির বস্তাবন্দি লাশ পাওয়া গেছে l ছবি: প্রথম আলো
রনকের ছবি হাতে মা রাশেদা বেগম। ৪ জানুয়ারি রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে অপহৃত সন্তানকে ফেরত চাইছিলেন তিনি। গতকাল শিশুটির বস্তাবন্দি লাশ পাওয়া গেছে l ছবি: প্রথম আলো

মানববন্ধনে এক হাতে সন্তানের ছবি, অন্য হাতে মাইক্রোফোন নিয়ে দিন পঁচিশ আগে কাঁদছিলেন মা রাশেদা বেগম। দাবি জানাচ্ছিলেন তাঁর সাড়ে চার বছরের অপহৃত শিশুকে ফিরে পাওয়ার। বুক বেঁধেছিলেন সন্তানকে ফিরেও পাবেন। অপহরণের প্রায় দুই মাস পর পেলেন ঠিকই; কিন্তু তা বস্তাবন্দী লাশ হিসেবে।
এদিকে গতকাল শনিবার মুন্সিগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে নীরব (১১) নামের এক মাদ্রাসা-ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
রংপুর নগরের আদর্শপাড়া এলাকা থেকে ব্যবসায়ী মোছাদ্দেক হোসেনের শিশুসন্তান রাহিমুল ইসলাম রনকের বস্তাবন্দী লাশ গত শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশ। মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেপানি গ্রামের একটি জমি থেকে গর্ত খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
রনকের বস্তাবন্দী লাশ উদ্ধারের আগে একই দিন বিকেলে ঢাকার ধামরাইয়ে শাকিল (১২) ও ইমরান (১০) নামে দুই স্কুলছাত্রের গলা কাটা লাশ টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি লেবুখেত থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও নিহত শিশুদের পরিবার বলেছে, মুক্তিপণের টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়েছে। এবার রংপুরে শিশু রনক খুন হওয়ার পেছনেও আর্থিক বিরোধ রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, রংপুরের তেপানি গ্রামের কিছু লোক গত শুক্রবার সন্ধ্যায় জমিতে কাজ করার সময় দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত নয়টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ রনকের মাটিচাপা বস্তাবন্দী লাশ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত ছিল। পরনে ছিল জ্যাকেট, প্যান্ট ও জুতা। কাপড় ও জুতা দেখে লাশটি রনকের বলে শনাক্ত করে পরিবার। শিশুটিকে বেশ কিছুদিন আগেই মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
‘নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি’ শিরোনামে ৫ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। এর আগের দিন শিশুটির সন্ধান চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে মা রাশেদা বেগম আকুতি জানাচ্ছিলেন রনককে ফিরে পাওয়ার।
রংপুর নগরের নিউ আদর্শপাড়া এলাকার বাসিন্দা মোছাদ্দেক হোসেন ও রাশেদা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে তৃতীয় রনক। গত ১ ডিসেম্বর দুপুরে বাড়ির উঠানে খেলা করা অবস্থায় নিখোঁজ হয় সে। ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। ৩ ডিসেম্বর দায়ের করে একটি অপহরণ মামলা। মামলার বাদী শিশুটির বাবা তাঁরই খালাতো ভাই মোবাশ্বের আলমের বিরুদ্ধে অভিযোগ করেন।
লাশ পাওয়ার পর মোছাদ্দেক হোসেন বলেন, ‘সন্তানকে ফিরে পেতে অনেক চেষ্টা করেছি, কিন্তু লাশ পেলাম। আমি এই হত্যার জন্য দায়ী ব্যক্তির আইন অনুযায়ী বিচার দাবি করছি।’ তিনি অভিযোগ করেন, তাঁর পরিবারের সঙ্গে মোবাশ্বের আলমের টাকার লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলছিল। অপহরণের আগে তাঁকে হুমকি দিয়েছিলেন মোবাশ্বের। এর ঘণ্টা খানেক পর বাড়ি থেকে স্ত্রী ফোন করে জানান রনককে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, রনকের লাশ খোড়াগাছ ইউনিয়নের পাইকারের হাট এলাকায় মোবাশ্বের আলমের বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মোবাশ্বের পলাতক রয়েছেন। মামলার পর বিভিন্ন সময় মোবাশ্বেরের স্ত্রী, বাবা-মা ও শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়। তাঁরা বর্তমানে কারাগারে। ময়নাতদন্তের পর রনকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদ্রাসাছাত্রের লাশ: মুন্সিগঞ্জ সদর উপজেলার মালির পাথর এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে নীরব (১১) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নীরব মালির পাথর মাদ্রাসায় পড়ত। এলাকায় শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলছিল সে। পরে নিখোঁজ হয়। পরদিন গতকাল সন্ধ্যায় এক নারী পরিত্যক্ত একটি ঘরে নীরবের লাশ পড়ে থাকতে দেখে তাঁর পরিবারকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নীরবের বাবা শিপন আহমেদ একজন ভ্যানচালক। দরিদ্র এই পরিবারের কোনো শত্রু আছে বলে জানা যায়নি। পরিবারটি কাউকে সন্দেহও করতে পারছে না। নীরবের গলার ডান পাশে ফাঁস লাগানোর মতো চিহ্ন রয়েছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে, ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় রাত নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।