এবার রাজধানীতে চলন্ত বাসে ছিনতাই
এবার রাজধানীর টিকাটুলীতে যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাই হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এই ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই মাছ ব্যবসায়ী। বাসে থাকা ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হয়েছেন। পুলিশ বলছে, ছিনতাইয়ের সঙ্গে বাসটির চালক, চালকের সহকারী ও কন্ডাক্টর জড়িত।
এর আগে সোমবার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে চলন্ত বাস থামিয়ে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তিন বাসযাত্রীকে গুলি করে ছয় লাখ টাকা ছিনতাই করে। আগের দিন উত্তরায় মোটরসাইকেল আরোহীরা চলন্ত গাড়ি থামিয়ে মা-মেয়েকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার নিউমার্কেট এলাকায় গুলি করে ছিনতাই হয় ১২ লাখ টাকা। এ তিন ঘটনাই দিনের বেলায়। আর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারালো অস্ত্রধারীরা এক ব্যবসায়ীকে পিটিয়ে ১২ লাখ টাকা ও মোটর সাইকেল নিয়ে গেছে। কোনো ঘটনাতেই টাকা উদ্ধার বা কেউ গ্রেপ্তার হয়নি।
গতকাল টিকাটুলীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মাছ ব্যবসায়ীরা হলেন আলম মিয়া (৪৮) ও শফিকুল ইসলাম (৩২)। আলমের বাড়ি বরগুনা সদরে ও শফিকুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনিতে। তাঁরা কাপ্তানবাজারে মাছের ব্যবসা করেন এবং ওই এলাকার একটি মেসে থাকেন।
আলম ও শফিকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আলোকে বলেন, তাঁরা মাছের চালান আনতে যাত্রাবাড়ী মাছের আড়তে যাওয়ার জন্য ভোর পৌনে ছয়টার দিকে বঙ্গভবনের পাশ থেকে তুরাগ পরিবহনের একটি মিনিবাসে ওঠেন।
বাসে চালক, চালকের সহকারী ও চার-পাঁচজন আরোহী ছিলেন। টিকাটুলী যাওয়ার পর বাসটি থেমে যায়। চালক, সহকারী ও যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ছুরি নিয়ে তাঁদের ঘিরে ধরে টাকা দিতে বলে। টাকা দিতে না চাইলে তাঁদের ছুরিকাঘাত করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাসটি চলা শুরু করে। সায়েদাবাদে জনপথ মোড়ে তাঁদেরসহ বাসটি ফেলে চালক ও ছিনতাইকারীরা পালিয়ে যায়।
আলমের পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শফিকুলের বাঁ হাতের কবজি ও ডান আঙুল কেটে গেছে। শফিকুল বলেন, ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর তিনি এক স্বজনকে ফোনে ঘটনা জানান। ওই স্বজন এসে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটা তুরাগ পরিবহনের মিনিবাসটি (ঢাকা মেট্রো জ ১১-৮৩৮১) জব্দ করা হয়েছে। বাসের চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রোববার সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরে চলন্ত গাড়ি থামিয়ে মা-মেয়েকে গুলি করে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্তে গতকাল পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার আতিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলে সেক্টরের কল্যাণ সমিতির লাগানো সিসি ক্যামেরাটি ওই দিন বন্ধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আশপাশের কিছু ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থামিয়ে গুলি করে ছয় লাখ টাকা লুটের ঘটনায়ও আশুলিয়া থানা-পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়ে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, আশপাশের এলাকা থেকে তিন-চারটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হচ্ছে। কাউকে শনাক্ত করা যায়নি।
রূপগঞ্জে মোটরসাইকেল ও ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন গতকাল বলেন, এমন কোনো অভিযোগ তাঁরা পাননি। তাই খোঁজখবরও নেওয়া হয়নি।