
এবার সবার সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে রাজশাহীর এক আওয়ামী লীগ নেতাকে। হবিগঞ্জের এক ছাত্রদল নেতা নিখোঁজ রয়েছেন তিন দিন ধরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একের পর এক তুলে নেওয়ার ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে।
এদিকে রাজধানী থেকে গত ১০ দিনে নিখোঁজ চারজনের এখনো কোনো খোঁজ মেলেনি। তাঁরা হলেন বিএনপির নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত, ব্যবসায়ী ও বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায়, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহমেদ এবং কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান। ২০-দলীয় জোটভুক্ত দল কল্যাণ পার্টির মহাসচিবকে ধরে নিয়ে যাওয়ার জন্য সরকারকে দায়ী করছে বিএনপি।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বানেশ্বর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদকে (৫০) গত বুধবার সন্ধ্যায় তাঁর কার্যালয় থেকে তুলে নেওয়া হয়। আজাদের বাড়ি উপজেলার নামাজগ্রামে। তাঁর দুই ছেলে। ছোট ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আবু সাঈদ গত বুধবার রাতে এ ব্যাপারে পুঠিয়া থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন।
আবু সাঈদ বলেন, রাত আটটার দিকে তাঁর বাবা বানেশ্বর বাজারে বণিক সমিতির কার্যালয়ে বসে সমিতির কর্মচারীদের সঙ্গে কথা বলছিলেন, চা পান করছিলেন। কার্যালয়টি ভবনের দ্বিতীয় তলায়। এ সময় একজন নিচ থেকে উঠে এসে কথা বলার জন্য তাঁর বাবাকে নিচে ডেকে নিয়ে যান। নিচে একটি সাদা রঙের মাইক্রোবাস দাঁড়ানো ছিল। তাঁর বাবা নিচে নামার সঙ্গে সঙ্গে পাশ থেকে চার-পাঁচজন তাঁকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে যান। গাড়িটি রাজশাহী-নাটোর সড়ক ধরে নাটোরের দিকে চলে যায়। বণিক সমিতির কার্যালয়ের একজন কর্মচারী ওই গাড়ির নম্বর প্লেটের শেষের অংশ খেয়াল করেছেন। নম্বর প্লেটের প্রথম অংশ তিনি দেখতে পাননি। ধরে নিয়ে যাওয়ার পর থেকেই আজাদের মুঠোফোনটি বন্ধ রয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, আবুল কালাম আজাদের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তাঁরা সব জায়গায় যোগাযোগ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিনি আছেন এমন কোনো খবর তাদের কাছে নেই বলে ওসি জানিয়েছেন।
মোটরসাইকেল আছে, রফিক নেই
হবিগঞ্জ প্রতিনিধি বলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি হোসাইন মোহাম্মদ রফিক গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। সোমবার রাত ১০টার দিকে মাধবপুরের তেলিয়াবাজার থেকে প্রায় চার কিলোমিটার দূরে দক্ষিণ সুরমা গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। মঙ্গলবার তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি গ্রামের কাছে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু রফিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তাঁর বাবা জজ মিয়া মঙ্গলবার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জজ মিয়া প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি পাওয়া গেছে। তাঁর দুটি ফোনই বন্ধ। তাঁকে কেউ ধরে নিয়ে গেছে বলে তাঁরা ধারণা করছেন। তবে কারা তুলে নিল, সে বিষয়ে কোনো ধারণা নেই স্বজনদের।