এবার রাজশাহীতে ব্যাংকে সুড়ঙ্গ কাটার চেষ্টা
কিশোরগঞ্জের পর এবার রাজশাহীতে সোনালী ব্যাংকের একটি শাখায় সুড়ঙ্গ কাটার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এক পথচারী দেখে ফেলায় সুড়ঙ্গ কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে গেছে তারা। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরের কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজে ব্যবহৃত খুন্তি, বেলচা, দা, ছেনি, শাবল, হাতুড়ি, করাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
ব্যাংকের ওই কার্যালয়টি রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সংলগ্ন। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাজশাহীর একটি রেস্তোরাঁয় ব্যাংকের ব্যবস্থাপকদের আঞ্চলিক সম্মেলন চলছিল। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উপস্থিত ছিলেন। বারবার ব্যাংকে সুড়ঙ্গ কাটার ঘটনা ঘটছে এবং তাঁর উপস্থিতিতেই রাজশাহীতে সুড়ঙ্গ কাটার ঘটনা ঘটতে যাচ্ছিল। এ অবস্থায় ব্যাংকের নিরাপত্তার বিষয়টি নাজুক কি না—জানতে চাইলে গভর্নর সাংবাদিকদের এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে হাতজোড় করে সেখান থেকে বেরিয়ে যান।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একতলা ব্যাংক ভবনের পেছনে ভল্টের দেয়ালের নিচে সুড়ঙ্গ করছিল দুর্বৃত্তরা। এ সময় একজন পথচারী পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় শব্দ শুনে পাঁচিলের ওপর দিয়ে উঁকি দিয়ে সুড়ঙ্গ খুঁড়তে দেখে চিৎকার দেন। এতে ভয় পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা প্রায় আড়াই ফুট গভীর সুড়ঙ্গ তৈরি করে ফেলেছিল।
খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরীসহ ব্যাংকের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। র্যাবও ঘটনাস্থল পরিদর্শন করে। উপকমিশনার বলেন, রাজশাহী মহানগরের সোনালী ব্যাংক কোর্ট শাখার ভবনটি রাস্তার পাশে হলেও পাঁচিল দিয়ে ঘেরা। এ কারণে সেখানে কী হচ্ছে, তা পথ দিয়ে হেঁটে গেলেও চোখে পড়ে না। তিনি বলেন, দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ বছরের শুরুতে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ কেটে ১৬ কোটি টাকা লুট হয়। এর পর মার্চ মাসে বগুড়ার আদমদীঘিতে একইভাবে সুড়ঙ্গ কেটে লুট হয় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির ৩০ লাখ টাকা। গত সেপ্টেম্বরে জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের দেয়াল ভেঙে চুরি যায় প্রায় দুই কোটি টাকা।