এবার রাজশাহীর মেয়র বুলবুল বরখাস্ত

এবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালত পাঁচটি মামলার অভিযোগপত্র গ্রহণ করায় স্থানীয় সরকার বিভাগ এ আদেশ জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২ অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক প্রথম আলোকে বলেন, বুলবুলের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করায় সাময়িকভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। গতকাল সকালে স্থানীয় সরকারমন্ত্রী মেয়রকে বরখাস্ত-সংক্রান্ত প্রস্তাবে সই করেন বলে জানান তিনি।
এর আগে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও গাজীপুরের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুলনার মেয়র মনিরুজ্জামানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সাংসদ শামীম ওসমানের আনা অভিযোগ তদন্ত করছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি। তাঁকেও বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
২০১৩ সালের ১৫ জানুয়ারি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। এরপর নভেম্বর মাসেই সরকারবিরোধী আন্দোলন শুরু হলে একজন পুলিশ সদস্য নিহত হন। বিএনপিসহ বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় ঢাকাগামী গাড়িবহরে পেট্রলবোমা হামলা হয়। এর আগে ২২ জানুয়ারি দুপুরে নগরের কাদিরগঞ্জ ট্রাকের বহরে হামলা এবং ১৯ জানুয়ারি নগরের ভদ্রা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলার অভিযোগের দায়ের করা মামলায় মেয়রকে আসামি করা করা হয়। এর পর থেকে মেয়র মোসাদ্দেক হোসেন আত্মগোপনে চলে যান। সিটি করপোরেশনে নিজ কার্যালয়েও আসেননি। তবে তিনি আত্মগোপনে থেকে কিছু কিছু নথিতে সই করেছেন।
রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর মেয়রের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারকে হত্যা, পুলিশের ওপর হামলাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে গত বছর ২৯ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলা ও গত ৪ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর হামলার ঘটনায় পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আরও তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালতে মামলার অভিযোগপত্র গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে মেয়রকে বরখাস্ত করার জন্য সুপারিশ করা হয়।
রাজশাহী সিটি করপোরেশনে গতকালই চিঠিটি পৌঁছেছে। কিন্তু তার আগেই এ খবর ছড়িয়ে পড়ে। রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ ভোটে নির্বাচিত ও জনপ্রিয় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে সরকার অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে। এর প্রতিবাদে আজ শুক্রবার রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি দেবে।
গতকাল মুঠোফোনে চেষ্টা করেও আত্মগোপনে থাকা মেয়র মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ফোনটি আগের মতোই বন্ধ পাওয়া যায়। তবে তাঁর স্ত্রী রেবেকা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেয়রের বরখাস্ত হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।