এবার রেলের জমি দখল কৃষক লীগের সভাপতির
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমি দখল করে উপজেলা কৃষক লীগের সভাপতি পিকে সাইদুল ইসলাম টিনের ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে তিনি ‘সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি’ নাম দিয়ে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।
ওই স্থাপনা নির্মাণে সেতু কারখানার প্রশাসনিক কার্যালয়সংলগ্ন রেল পুলিশের (জিআরপি) বেতার ভবনের পাশে একটি রেল কোয়ার্টারের গেট দখল করা হয়েছে। এর পাশেই রয়েছে সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনি এলাকার অফিসপাড়া রেলওয়ের বিভাগীয় হিসাব রক্ষণ কার্যালয়, পূর্ত বিভাগ।
স্থানীয় একটি কোচিং সেন্টারের পরিচালক আবদুল হাফিজ বলেন, ঈদুল ফিতরের ছুটিতে রেলওয়ের ১১০ নম্বর ভবনের সামনে রেল কোয়ার্টারের জমি দখল করে টিনের চালাঘর নির্মাণ করা হয়েছে। ঈদের আগের দিন রাতে সাইদুল ইসলাম তাঁর লোকজন নিয়ে ১২ বর্গফুটের ওই জায়গাটি দখল করেন। এতে ‘সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি’ নামের একটি সংগঠনের সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। কৃষক লীগের সভাপতি সাইদুল নিজেকে রংপুর থেকে প্রকাশিত বাহের সংবাদ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি বলে পরিচয় দেন।
রেলের জমি দখলের বিষয়টি স্বীকার করে সাইদুল ইসলাম বলেন, ‘সবাই দখল করছে। তাই আমিও করেছি। জীবন দিয়ে হলেও দখলকৃত জায়গা রক্ষা করব। আপনারা কেউ বাধা দিতে আসবেন না।’ এই সামান্য জায়গায় কেন সংগঠনের কার্যালয় নির্মাণ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশপাশে অনেক জায়গা আছে। পর্যায়ক্রমে ওই জায়গাগুলোও দখলে নেওয়া হবে।
সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক বলেন, ‘সাইদুল ইসলাম প্রেসক্লাবের সদস্য নন। তিনি কৃষক লীগ করেন বলে জানি।’
আবদুস সালাম নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, সাইদুল যে জায়গাটি দখল করেছেন সেটির পাশের কিছু জায়গা ২০০১ সালে তাঁর ছোট ভাই আনোয়ার হোসেন দখলে নিয়েছিলেন। আনোয়ার সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। জায়গাটি পরে বিক্রি করে দেওয়া হয়। সাইদুলের বড় ভাই সাদেকুল ইসলাম জাতীয় পার্টির রাজনীতি করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাইদুল ইসলামের জমি দখলের বিষয়ে স্থানীয় লোকজন ৪ আগস্ট পাকশী রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে অবৈধ স্থাপনাটি উচ্ছেদের দাবি করা হয়েছে।
তবে রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এখনো এ ব্যাপারে অভিযোগ পাইনি। দখলকৃত জায়গায় গড়ে তোলা স্থাপনা অবশ্যই উচ্ছেদ হবে।’
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার বলেন, দখলকৃত জায়গার স্থাপনা উচ্ছেদ করতে রেলওয়ে কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হবে।