এবার লোহাগাড়া থানার ওসিসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
আসামি ধরতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক রোখসানা পারভীনের আদালতে মামলাটি করেন লোহাগাড়ার আধুনগর এলাকার এক নারী।
মামলায় অভিযুক্ত অন্য তিনজন হলেন লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান পাটোয়ারী, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও পুলিশের সোর্স জসীম উদ্দিন।
এর আগে ১৮ মে লোহাগাড়ার ওসিসহ সাত পুলিশের বিরুদ্ধে ওই নারীর আরেক দেবর পুলিশি নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন। আদালত ঘটনাটি তদন্তের জন্য নির্দেশ দেন।
বাদীর আইনজীবী আজিজুল কবির প্রথম আলোকে বলেন, ১২ মে দুপুরে লোহাগাড়ার আধুনগর এলাকার সরদারপাড়ায় এক ব্যক্তিকে সাদাপোশাকে ধরতে যান পুলিশ সদস্যরা। তখন ওই ব্যক্তির বড় ভাইয়ের স্ত্রী পুলিশের কাছে তাঁর দেবরকে ধরতে আসার কারণ জানতে চান। ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যরা এই গৃহবধূকে মারধর ও ধর্ষণের চেষ্টা করেন। গতকাল ওসিসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হলে আদালত বিচারিক তদন্তের নির্দেশ দেন। মামলার পরবর্তী ধার্য দিন আগামী ২৬ জুন।
অভিযোগ অস্বীকার করে ওসি মো. শাহজাহান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরোয়ানা থাকায় পুলিশ ওই নারীর দেবরকে গ্রেপ্তার করতে যায়। এ সময় পুলিশের ওপর হামলা চালান তাঁরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ কাউকে ধর্ষণের চেষ্টা করেনি।