এবার লোহাগাড়ায় বাসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা
এবার চট্টগ্রামের লোহাগাড়ায় বাসে গৃহবধূকে (২৭) ধর্ষণের চেষ্টা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল বুধবার বাসচালকের সহকারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া চালকের সহকারীর নাম মো. এহসান। গতকাল লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।
একই ঘটনায় ওই বাসের চালক জনি বড়ুয়া ও চালকের আরেক সহকারী বাবুল নাথকে মাদক সেবনের দায়ে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে চন্দনাইশের দোহাজারী থেকে ওই গৃহবধূ কক্সবাজারের রামু যাওয়ার উদ্দেশে সুগন্ধা পরিবহনের একটি বাসে ওঠেন। তখন গাড়িতে যাত্রী ছিলেন ৮ থেকে ১০ জন। ২৫ কিলোমিটার যাওয়ার পর লোহাগাড়ার পদুয়া তেওয়ারি হাটে বাসের অন্য যাত্রীরা নেমে যান। এ সময় চালকের সহকারী এহসান ওই গৃহবধূকে বলেন, যাত্রী না থাকায় বাস রামু পর্যন্ত যাবে না। তাঁকে তিন কিলোমিটার দূরে পরের স্টেশন বটতলীতে নেমে যাওয়ার পরামর্শ দেন তিনি। সেখান থেকে রামুর গাড়ি পাওয়া যাবে বলেও তাঁকে জানানো হয়। কিন্তু বটতলীর এক কিলোমিটার আগে বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বারআউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় থেমে যায়। তখন ওই গৃহবধূ গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ জানায়, চালকের সহকারী এহসান তখন গৃহবধূকে বাস থেকে নামতে বাধা দেন। তাঁকে (গৃহবধূ) টেনে বাসের পেছনের দিকের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় চালক ও অন্য সহকারী মাদক সেবন করছিলেন। গৃহবধূর চিৎকার শুনে ওই পথ দিয়ে যাওয়া টহল পুলিশ বাসে তল্লাশি চালায়।
এর আগে গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে পরিবহনশ্রমিকেরা এক তরুণীকে ধর্ষণ করেন। পরে তাঁকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সরকার প্রথম আলোকে বলেন, বাসে তল্লাশি চালিয়ে গৃহবধূকে উদ্ধার করে চালকসহ তিনজনকে আটক করেন তাঁরা। তখন গৃহবধূ ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। গতকাল চালক ও দুই সহকারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন তাঁরা। এহসানকে ধর্ষণচেষ্টা ও বাকি দুজনকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ দেওয়ার পর তিনজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।