এবার শহররক্ষা বাঁধের নিচে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শহররক্ষা বাঁধের নিচে পদ্মা নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। গতকাল বিকেলে তালাইমারী বিজিবি ক্যাম্পের পূর্ব পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো
রাজশাহী শহররক্ষা বাঁধের নিচে পদ্মা নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। গতকাল বিকেলে তালাইমারী বিজিবি ক্যাম্পের পূর্ব পাশ থেকে তোলা ছবি l প্রথম আলো

রাজশাহী শহররক্ষা বাঁধের পিলার ভাঙার পর এবার বাঁধের নিচে খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। নগরের তালাইমারী বিজিবি ক্যাম্পের পাশ থেকে ১৫ দিন ধরে এভাবে বালু তোলা হচ্ছে। পরে ট্রাকে করে এই বালু অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরের তালাইমারী বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে গিয়ে দেখা যায়, সেখানে পদ্মা নদী থেকে বালু তোলার জন্য দুটি ডিজেলচালিত খননযন্ত্র (ড্রেজার) আছে। একটি যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। বড় লোহার পাইপ দিয়ে ঘাটের একেবারে কাছে বালু পড়ছে। সেখানে থেকে বালু ট্রাকে তোলা হচ্ছে। এ সময় যন্ত্রের কাছে যাঁরা কাজ করছেন, তাঁদের কাছে বালুর মালিকের পরিচয় জানতে চাইলে তাঁরা কোনো কথা বলতে চাননি। এই বালু সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তোলা হচ্ছে। আর বালুর ট্রাক ২৫ নম্বর ওয়ার্ড এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে তালাইমারী এলাকার এক ব্যক্তি বলেন, আগে চর থেকে বালু কাটা হচ্ছিল। এখন নদীর পাড়ে পানিতে যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। যেখানে বালু এসে পড়ছে, তার ওপরেই বিজিবি ক্যাম্প।
২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী অভিযোগ করেন, ২৮ ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বালু তোলার ব্যাপারে সহযোগিতা করছেন।
সহযোগিতার কথা অস্বীকার করে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল আলম বলেন, এটা শত্রুপক্ষের লোকের কথা। তা ছাড়া রাস্তাটি দুই ওয়ার্ডের সীমান্ত এলাকা। এ জন্য তিনি কিছু বলতে পারছেন না।
এ বিষয়ে বারবার চেষ্টা করেও ২৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আশরাফুল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, তালাইমারী এলাকায় ড্রেজিং করে বালু তোলার বিষয়টি তাঁদের নজরে আসেনি। তাঁরা খোঁজ নেবেন বলে জানান।
রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, রাজশাহী শহররক্ষা বাঁধের কাছে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। এখান থেকে কাউকে কোনো বালু তুলতে দেওয়া হবে না।
এ ছাড়া বাইরের বালুমহালগুলোর বৈধভাবে ইজারা দেওয়ার বিষয়টি প্রায় সম্পন্ন করে ফেলেছেন বলে জানান জেলা প্রশাসক। এটা হলেই শহরের ভেতরের অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালাবেন তাঁরা।
নগরের শ্রীরামপুর এলাকায় সরকারি পিলার ভেঙে ডিআইজি প্রিজনের বাসার ঠিক বিপরীতে পদ্মা নদীর ঘাট থেকে বিরতিহীনভাবে রাজশাহী শহররক্ষা বাঁধের ওপর দিয়ে বালুবোঝাই ট্রাক উঠছে আর নামছে।
এ ব্যাপারে গত ৩০ ডিসেম্বর প্রথম আলোতে ‘পিলার ভেঙে বাঁধ দিয়ে চলছে বালুর ট্রাক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।