এবার সড়ক বিভাজক দখল

রাজশাহী নগরের ফুটপাত-রাস্তা দখলের ঘটনা এখন নগরবাসীর গা-সওয়া হয়ে গেছে। তবে এবার ফুটপাতের সঙ্গে সড়ক বিভাজকও দখল করে ব্যবসা হচ্ছে।
নগরের মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক বিভাজকে বছর খানেক ধরে চলছে এই দখলদারি। বিভাজকের বেড়ার ভেতরের গাছের ওপরেও চলছে অত্যাচার।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সময়ে নগরের পায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে সড়ক বিভাজক খয়েরি রঙের বেড়া দিয়ে ঘেরা হয়। এই বেড়ার ভেতরের সারিবদ্ধ সবুজ গাছ নগরে ঢোকামাত্র যে কারও দৃষ্টি আকর্ষণ করবে। সম্প্রতি নগর ভবনের সামনে থেকে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত সড়ক বিভাজকের প্রায় অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। এই এলাকায় আপাতত সড়কদ্বীপ ফাঁকা হয়ে রয়েছে।
তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গাছগুলো এখনো রয়েছে। কিন্তু এই গাছের ওপরে চলছে অবৈধ ব্যবসায়ীদের অত্যাচার। তাঁদের অত্যাচারে অনেক গাছ ন্যাড়া হয়ে গেছে।
প্রতিদিন এই সড়কের পাশের ফুটপাত দখল করে হোটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা পসরা নিয়ে বসেন। সারা দিন ব্যবসা করে সন্ধ্যায় দোকানের যত আসবাব রয়েছে, তাঁরা এই সড়কদ্বীপের মধ্যে তুলে রাখেন।
গত বুধবার সকালে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার সড়ক বিভাজকের মধ্যে চেয়ার, টেবিল, বাইসাইকেল, স্টোভ, ভ্যান, বেঞ্চসহ ব্যবসায়িক কাজে ব্যবহৃত নানা ধরনের জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে তাঁরা আবার সড়কদ্বীপ থেকে সেগুলো সরিয়ে ফুটপাত ও রাস্তার ওপরে নিয়ে আসছেন। গতকাল বৃহস্পতিবার সকালেও এমন কয়েকজন ব্যবসায়ীকে সড়কদ্বীপ থেকে মালামাল নামাতে দেখা যায়। কেন সেখানে রেখেছেন, জানতে চাইলে তাঁরা কোনো জবাব দেননি। স্টোভ ও সাইকেল কে রেখেছেন, জানতে চাইলেও কেউ কথা বলেননি। একজন ব্যবসায়ী বলেন, সারা দিন তো থাকে না। রাতেই তাঁরা একটু রাখেন। তাঁরা গাছের কোনো ক্ষতি করেন না।
তবে অন্য ব্যবসায়ীরা রাতে সড়কদ্বীপের ভেতরে মালামাল রাখলেও এক ব্যক্তি রীতিমতো সেলুন দিয়ে সড়ক বিভাজকের ভেতরে ব্যবসা করছেন। তিনি বলেন, তিনি কুষ্টিয়া থেকে এসেছেন। এক বছর ধরে সেখানে সেলুন করেছেন। ফুটপাতে পর্দা টাঙিয়ে আগে করার চেষ্টা করেছেন। সেখান থেকে পুলিশ তুলে দেয়। এ জন্য দুই ফুটপাতের মাঝখানে দোকান করেছেন। এখান থেকে এখনো কেউ তুলে দিতে আসেনি।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা গেল তাঁর দোকানে খদ্দের আসছেন। কেউ বেড়ার নিচ দিয়ে মাথা ঢুকিয়ে ভেতরে যাচ্ছেন। আর কেউ কেউ বেড়ার ওপরে চড়ে সাবধানে ভেতরে লাফ দিচ্ছেন।
নগরের আলমিরা আর্ট অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী আরাফাত রুবেল বলেন, এত সুন্দর পরিপাটি বেড়াগুলো এখন নগরের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ মনে হয়। এভাবে বেড়ার ওপর দিয়ে পারাপার করতে গেলে এই সুন্দর জিনিসটা নষ্ট হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর ফোনটি ব্যবস্থা পাওয়া যায়।