এবার সপরিবার আইনজীবী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম তাকিউর রহমান। তাঁর লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাওয়ার পর এবং পাস করার পরের ছবি
এ কে এম তাকিউর রহমান। তাঁর লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাওয়ার পর এবং পাস করার পরের ছবি

এবার সপরিবার এক তরুণ আইনজীবীর ১৬ মাস ধরে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তাঁর নাম এ কে এম তাকিউর রহমান। তিনি স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যাকে নিয়ে পবিত্র ওমরাহ পালনের কথা বলে গত বছরের এপ্রিলে দেশ ছাড়েন। এরপর আর খোঁজ নেই। এখন তাঁর বাবা আবদুল খালেক মনে করছেন, তাকিউর সপিরবার সিরিয়া চলে গেছেন। গোয়েন্দারা খোঁজখবর করায় তাঁর এমন সন্দেহ হচ্ছে।
আবদুল খালেক বগুড়ার একজন বড় ব্যবসায়ী। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে তাকিউর যুক্তরাজ্য থেকে বার-অ্যাট-ল পাস করেন। দেশে ফিরে বিয়ে করেন। স্ত্রী-কন্যা নিয়ে থাকতেন ঢাকার কলাবাগানে।
এর আগে ঢাকা থেকে একইভাবে নিখোঁজ হয় আরও দুটি পরিবার। গুলশান হামলার পর জানাজানি হয়েছে যে এ দুটি পরিবারও আইএসে যোগ দিতে সিরিয়া পাড়ি দিয়েছে। এদের মধ্যে ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ার ডা. রোকনউদ্দীন খন্দকার, তাঁর স্ত্রী নাইমা আক্তার, দুই মেয়ে রেজওয়ান রোকন (নাদিয়া), রমিতা রোকন ও নাদিয়ার স্বামী সাদ কায়েস। গত বছরের ১০ জুলাই এই পরিবারের সবাই দেশ ত্যাগ করেছেন। পুলিশ বলছে, তাঁরা সিরিয়ায় পৌঁছে একজন আত্মীয়কে ফোন করে ভালো আছেন বলে জানিয়েছেন।
ক্লোজআপ তারকা তাহমিদ রহমান সাফি গত ফেব্রুয়ারিতে নববিবাহিত স্ত্রী সায়েমা খানকে নিয়ে মধুচন্দ্রিমায় মালয়েশিয়া যাচ্ছেন বলে দেশ ছাড়েন। পরে পরিবার জানতে পারে যে এই দম্পতি তুরস্ক হয়ে সিরিয়ায় চলে গেছেন। মাঝে মাঝে মায়ের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠান। সিরিয়ায় তাঁদের একটি মেয়ে হয়েছে সম্প্রতি। পরিবারের বরাত দিয়ে পুলিশ এসব তথ্য গণমাধ্যমকে জানায়। গুলশানে হলি আর্টিজানে হামলার পর ভিডিও বার্তায় হামলাকারীদের অভিনন্দন জানিয়ে যে তিন বাংলাদেশির ভিডিও বেরিয়েছে, তাঁদের একজন তাহমিদ।
তাকিউরের বাবা আবদুল খালেক গতকাল প্রথম আলোকে বলেন, তাকিউর বলেছিল যে স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যাকে ওমরাহ করাতে সৌদি আরবে যাচ্ছেন। গত বছরের ৪ এপ্রিল ঢাকা ছাড়েন। ১৩ এপ্রিল ফোন করে জানান যে তাঁরা সৌদি আরব পৌঁছেছেন। ২২ এপ্রিল দেশে ফিরবেন। তিনি বলেন, এরপর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও ছেলে দেশে না ফেরায় এবং কোনো খোঁজ না পেয়ে ওই বছরের ৯ জুন ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আবদুল খালেক বলেন, আগে তাঁদের আইএস বিষয়ে ধারণা ছিল না। গুলশান হামলার পর তাকিউরের খোঁজে গোয়েন্দাদের আসা-যাওয়া এবং পত্রপত্রিকায় খবর পড়ে তাঁর এখন মনে হচ্ছে যে ছেলে সিরিয়ার দিকে চলে গেছেন। এর আগে ছেলের আচরণগত কিছু পরিবর্তনও এখন বিবেচনায় নিচ্ছেন বাবা আবদুল খালেক। তিনি বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর তাকিউরের খোঁজে তাঁর বগুড়ার বাসায় গিয়ে গোয়েন্দারা নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। সর্বশেষ বুধবার রাতেও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বগুড়া শহরের কালীতলা সেবক সমিতি লেনের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে।
আবদুল খালেক প্রথম আলোকে বলেন, একমাত্র ছেলে তাকিউর নিরুদ্দেশ হওয়ায় তাঁর মা শয্যাশায়ী। তিনি বলেন, ১৯৯৫ সালে নয় বছর বয়সে ছেলেকে ভারতের দার্জিলিং সাউথ হারম্যান স্কুলের ইংরেজি মাধ্যমে ভর্তি করান। দুই বছর পর সেখান থেকে ভর্তি করানো হয় দার্জিলিং কালিনকো স্কুল অ্যান্ড কলেজে। পরে সেখানকার রকভ্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৪ সালে ও লেভেল পাস করেন এবং দেশে ফেরেন তাকিউর। ঢাকায় লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ সাউথ (এলসিএলএস সাউথ) নামের প্রতিষ্ঠান থেকে এ লেভেল পাস করেন। এরপর যুক্তরাজ্যে গিয়ে বার-অ্যাট-ল করেন। ২০১১ সালে দেশে ফেরেন।
আবদুল খালেক জানান, ভারতে পড়ার সময় গানবাজনার প্রতি তাকিউরের ঝোঁক ছিল। কিন্তু লন্ডনে যাওয়ার পর ধার্মিক হয়ে ওঠেন। দেশে ফেরার পর বিষয়টি পরিবারের সবার নজরে আসে। ২০১১ সালের ডিসেম্বরে বিয়ে করেন চট্টগ্রামে। বিয়ের পর ঢাকার কলাবাগানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা শুরু করেন। বগুড়ায় খুব একটা আসতেন না। বগুড়ার বাসায় সর্বশেষ ২০১৪ সালের কোরবানির ঈদে এসেছিলেন, ছিলেন দুই দিন।
নাম প্রকাশ না করার শর্তে বগুড়ার একজন গোয়েন্দা কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, গুলশানে জঙ্গি হামলার পর নিখোঁজ তরুণদের অনুসন্ধান করতে গিয়ে তাকিউরের বিষয়টি নজরে আসে। এরপর তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ২৯ বছর বয়সী লন্ডনফেরত এই তরুণ ব্যারিস্টার পাঁচ বছর আগে সেখান থেকে দেশে ফিরলেও তাঁর জাতীয় পরিচয়পত্র ছিল না।
বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ওমরাহ পালনে গিয়ে রহস্যজনকভাবে তাকিউরের নিখোঁজ থাকার বিষয়টি লোকমুখে জানতে পেরে বুধবার রাতে তাঁর বগুড়ার বাসায় গিয়ে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, তাকিউরের অবস্থান ও নিখোঁজ রহস্য উদ্ঘাটনে সৌদি সরকার বা প্রয়োজনে আন্তর্জাতিক কোনো সংস্থার সহায়তা নিতে পুলিশ সদর দপ্তরে আবেদন করা হবে।